অবৈধ পার্কিং ও ফুটপাত খালি করা নিয়ে আবারও সরব মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ভালো কাজ করতে সরকারকে বাধা দিচ্ছে সিপিএম ও টিএমসি
বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল রবিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের নারায়ণকুড়িতে যুব সমিতি ফুটবল গ্রাউন্ডে এমএলএ কাপের উদ্বোধন করেন।পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিএমসি ( তৃণমূল কংগ্রেস) ও সিপিএমের সঙ্গে আগের দুই সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এখন বাংলায় এমন একটি সরকার গঠিত হয়েছে যারা উন্নয়ন এবং জনগণের কল্যাণ চায় কিন্তু বর্তমান সরকারকে তাদের ভালো কাজ করতে বাধা দিচ্ছে সিপিএম ও টিএমসি। মন্ত্রী সমালোচনা করে বলেন, তারা নাকি সরকারের মানবিক মুখ দেখতে পাচ্ছে না। কিছু মানুষ ফুটপাত দখল করে রেখেছে। সাধারণ পথচারীরা হাঁটার জন্য ফুটপাত না পেয়ে রাস্তা দিয়ে হাঁটছেন। তাতে পথ দুর্ঘটনা ঘটছে। যখন আমরা তাদের সরাতে চেষ্টা করছি, তখন আমাদের বলা হচ্ছে যে সরকা অমানবিক। যখন আমরা অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেষ্টা করছি, তখনও একই ধরনের ঘটনা ঘটে।














তিনি আরো বলেন, গত ৫০ বছরে বাংলাকে ১০০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। বিরোধীরা এখনও চায় যে বর্তমান রাজ্য সরকার সবকিছু বন্ধ করে দিক। বাংলাকে ১০০ বছর পিছিয়ে যেতে দিক। কিন্তু তা হতে দেওয়া হবে না। তিনি বলেন, টিএমসি আমলে একের পর এক অবৈধ কার্যকলাপ হয়েছে। যেখানে টিএমসি নেতা থেকে শুরু মন্ত্রী পর্যন্ত সবাই জড়িত ছিলেন। তাদের জমানায় দুর্নীতি গভীরভাবে গেঁথে গেছে। যা উপড়ে ফেলতে সময় লাগবে। তবে, বর্তমান রাজ্য সরকার দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করা নিশ্চিত করবে। অপরাধী দমনের বিষয়ে মন্ত্রী বলেন , এই সরকার সেই টিএমসি সরকারের মতো নয়, যারা অপরাধীদের সঙ্গে আপোস করবে। এটা বিজেপি সরকার অপরাধীদের প্রতি শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।


