আসানসোল শহরকে সাজাতে উদ্যোগ ব্রিজের রং বদলে গেরুয়া সাদা সৌন্দর্যায়নের কাজের সূচনায় অগ্নিমিত্রা পাল
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শহরকে আরো পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক করে তুলতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার ও আসানসোল পুরনিগম। সোমবার আসানসোলের জিটি রোডের বিএনআর ব্রিজের রং বদলে গেরুয়া সাদা করার পাশাপাশি সংলগ্ন এলাকায় সৌন্দর্যায়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র।বিএনআর ব্রিজের দু’পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ওই এলাকায় ডিজিটাল স্ক্রিন বসানো হবে।














ব্রিজ সংলগ্ন বিভিন্ন অংশে আলোর ব্যবস্থাও করা হবে। আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণের গুরুত্বপূর্ণ সংযোগস্থল এবং জিটি রোডের এই অংশটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলাই মূল লক্ষ্য।শহরের বিভিন্ন ডিভাইডার সংস্কার, প্রয়োজনীয় জায়গায় আলোর ব্যবস্থা, ত্রিভুজাকার মোড় ও রাউন্ডঅ্যাবাউটগুলির সৌন্দর্যায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ধাপে ধাপে শহরের গুরুত্বপূর্ণ অংশগুলিকে আরও পরিচ্ছন্ন ও আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
ভবিষ্যতে বিএনআর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ফ্লাইওভার তৈরির পরিকল্পনাও রয়েছে। সেই প্রকল্পের সমীক্ষার কাজ চলছে। তবে তার আগে বর্তমান এলাকাটিকে পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত করে তোলার উপর জোর দেওয়া হচ্ছে।
এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আসানসোল শহরকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা শুরু হয়েছে। শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি পরিচ্ছন্নতা ও নাগরিক পরিকাঠামোর উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য একটাই পরিচ্ছন্ন, আলোকিত ও আধুনিক রূপে নতুন আসানসোল।


