দুই তৃণমূল কর্মীকে গ্রেফতারের দাবিতে কাঁকসা থানায় বিক্ষোভ বিজেপির
*বেঙ্গল মিরর , দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার বেলডাঙ্গার দুই তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে রবিবার কাঁকসা থানার সামনে বিক্ষোভ দেখালেন বেলডাঙ্গা এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভের পর কাঁকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপি কর্মীদের অভিযোগ, বেলডাঙ্গা এলাকার তৃণমূল নেতা সন্দীপ কর্মকার ও প্রদীপ কর্মকার দুই ভাই নির্বাচনের পর থেকে এলাকা ছাড়া ছিল। এরপর তারা এলাকায় ফিরে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া শুরু করে।













এক বিজেপি কর্মীকে ফোন করে মিথ্যা কথা বলে তাকে তার হোটেলে ডাকে। অভিযোগ বিজেপি কর্মীদের মিথ্যা ভাবে ফোন করে ডেকে তাদের মারধর করার পরিকল্পনা করেছিল ঐ দুই ভাই। বিষয়টি বুঝতে পেরে বিজেপি কর্মীরা তাদের ঘিরে ধরে। এরপরই তাকে এলাকার বাসিন্দারা মারধোর শুরু করলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ দুইজনকে উদ্ধার করে কাঁকসা থানায় নিয়ে আসে। এলাকার বাসিন্দা এবং বিজেপি কর্মীদের অভিযোগ সন্দীপ কর্মকার ওরফে মিঠুন এলাকায় বহু মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিয়ে সেই টাকা সে ফেরত দেয়নি।
এছাড়াও বহু মানুষ আছেন যারা কাজ করে তার কাছ থেকে টাকা পেতেন। সেই টাকা চাওয়া হলেও তা মেলেনি। মিঠুনের বিরুদ্ধে কাঁকসা থানায় একাধিকবার অভিযোগ করলেও তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।এবার তাকে গ্রেফতারের দাবী জানিয়ে ও তার কঠোতম শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেতা ও কর্মীরা।পুলিশ জানায়, লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।


