আসানসোলে মহিলাদের নিরাপত্তায় ‘দুর্গা স্কোয়াড’, ১০টি বাইক ও স্কুটিতে রাস্তায় নজরদারি
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* মহিলাদের নিরাপত্তা আরো জোরদার করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চালু হল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ লাইন সংলগ্ন বার্নপুর রোডে শরৎ মঞ্চে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াডের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলাম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।














মন্ত্রী সহ অন্যান্যরা সবুজ পতাকা দেখিয়ে এই স্কোয়াডের সূচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল বলেন, প্রাথমিকভাবে প্রায় ১০ জন মহিলা পুলিশ কর্মী ‘স্ত্রী শক্তি’ হিসেবে দুর্গা স্কোয়াডের সদস্য হয়েছেন। ১০টি মোটরসাইকেল ও স্কুটিতে তারা গোটা জেলায় নজরদারি চালাবেন। এদিন আসানসোলে এর সূচনা হলো। পরে দুর্গাপুরেও হবে।
তিনি আরো বলেন, মহিলাদের উপর অত্যাচার, আক্রমণ, শ্লীলতাহানি বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখবে এই বাহিনী।মন্ত্রী বলেন, মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই মহিলাদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্পষ্ট করেছেন।
সেই লক্ষ্যেই পুলিশের এই বিশেষ উদ্যোগ বলে জানান তিনি।অগ্নিমিত্রা পাল আরো জানান, প্রতিটি থানায় মহিলা ডেস্ক এবং প্রতিটি মহকুমায় মহিলা থানা চালুর পাশাপাশি মহিলাদের জন্য আরও একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মহালয়ার দিন মুখ্যমন্ত্রীর তরফে উইমেন্স হেল্পলাইন নম্বর-সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা ও পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
দুর্গা স্কোয়াডের সদস্যরা সকলেই প্রশিক্ষিত ও সশস্ত্র মহিলা পুলিশকর্মী। কোনও মহিলা বিপদের মধ্যে পড়লে বর্তমানে ১০০ বা ১১২ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইতে পারবেন। সেই খবর পেলে দুর্গা স্কোয়াডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।এদিনের অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল বলেন, মহিলাদের নিরাপত্তার জন্য এমন একটি বিশেষ বাহিনীর উদ্বোধন করতে পেরে তিনি গর্বিত। উৎসবের মরশুমের আগে দুর্গা স্কোয়াডের এই আত্মপ্রকাশে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হল বলেই মনে করছে পুলিশ প্রশাসন।


