নারীদের সমানাধিকার নিয়ে পথনাটিকার মাধ্যমে আইনি সচেতনতা
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* নারীদের সমানাধিকার, নারী ও শিশুদের উপর অপরাধ রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিল পশ্চিম বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। বৃহস্পতিবার আসানসোলে পথনাটিকার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে নারী-পুরুষের সমান অধিকার এবং শিশু সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয়।২৬ আগস্ট বুধবার ছিল ওম্যানস্ ইকিউলিটি ডে বা নারী সমানাধিকার দিবস। কিন্তু ঐ দিন ছুটির কারণে বৃহস্পতিবার সেই দিবসকে সামনে রেখেই এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।














পথনাটিকার মাধ্যমে পর্নোগ্রাফি, বাল্যবিবাহ, মেয়েদের পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত করা-সহ নারী ও শিশুদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের বিষয়ে মানুষকে সচেতন করা হয়।আয়োজকদের তরফে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সমানভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।

শিক্ষা ও সুযোগ পাওয়ার ক্ষেত্রেও ছেলে-মেয়ের মধ্যে কোনও বৈষম্য করা যায় না। ধর্ম বা লিঙ্গের ভিত্তিতেও কারও অধিকার খর্ব করা উচিত নয়। এই বার্তাই পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা জেলা জজ, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার, ডিসিপি (সেন্ট্রাল) সহ প্রশাসন ও পুলিশের আধিকারিকরা।
এর পাশাপাশি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্যারা-লিগ্যাল ভলান্টিয়াররা পথনাটিকায় অংশ নেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার শিশুরাও অনুষ্ঠানে যোগ দেয়। পথচারীরা এই সচেতনতামূলক উদ্যোগে অনুপ্রাণিত হয়।জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই উদ্যোগের মূল লক্ষ্য, আইন শুধু আদালতের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নারী ও শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা।


