আসানসোলে অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অভিযান, গাড়ি সহ ধৃত দুই, ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* অবৈধ মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে রাশ টানতে অভিযান চালাচ্ছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা ডিডি। রবিবার রাতের এই অভিযানে একটি চারচাকা গাড়ি সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০০ গ্রাম ব্রাউন সুগার। গোপন সূত্রে খবরের ভিত্তিতে, রবিবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিডির একটি দল আসানসোল উত্তর থানার অন্তর্গত লালগঞ্জ-জুবিলি রোডের রায় ময়দানের কাছে একটি মারুতি সুজুকি এর্টিগা গাড়ি আটক করে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রামেরও বেশি ‘ব্রাউন সুগার’ উদ্ধার করা হয়।














পুলিশের এক আধিকারিক বলেন, এই ঘটনায়আইনের নির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই অবৈধ মাদক ব্যবসার উৎস, পাচার এবং এর সাথে জড়িত চক্রের হদিস পেতে তদন্ত চলছে। ধৃতদেরকে জেরা করা হচ্ছে। সোমবারকে ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।


