জন্মাষ্টমীতে বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের, “কোনও বাধা, দাদাগিরি বা ভয় নয়, শান্তিতে সব উৎসব পালন হবে বাংলায়”
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার আসানসোল দক্ষিণ বিধানসভার মহিশিলা গ্রামের দয়ালবাবা আশ্রমে পুজো দিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ( Agnimitra Pal ) । মন্দিরে পুজো ও দর্শনের পর বাংলার মানুষ এবং আসানসোলবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দেন তিনি।জন্মাষ্টমীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, গোপালের জন্মদিন আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে পালন করি। এই সরকার সবার, উৎসবও সবার। বাংলার মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে সমস্ত ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেই কামনাও করেন তিনি।














ভগবানের কাছে প্রার্থনা করে মন্ত্রী বলেন, সবাই ভালো থাকুক, বাংলায় উন্নয়ন হোক, মানুষের জীবনে খুশি ফিরে আসুক এবং পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসুক। তার দাবি, ৪ মে’র পরে বাংলায় এমনিতেই শান্তি ফিরে এসেছে। বাংলায় এখন ভয় আউট। ভয় ইন। অগ্নিমিত্রা পাল আরও বলেন, জন্মাষ্টমী থেকেই কার্যত বাংলায় উৎসবের মরশুম শুরু হয়ে গেল। সামনে বিশ্বকর্মা পুজো। এরপর দুর্গাপুজো। একটার পর একটা উৎসব আসছে। সুতরাং বাংলায় এখন উৎসবের আবহ।উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ যাতে নিরাপদে আনন্দ-উৎসবে সামিল হতে পারেন, তার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। আগামী দিনে বাংলার মানুষকে কোনও ভয় বা বাধার মধ্যে যাতে উৎসব পালন করতে না হয়, সেই বার্তাও দেন মন্ত্রী।তাঁর স্পষ্ট বক্তব্য, এখানে কোনও বাধা নেই, কোনও দাদাগিরি নেই, কোনও ভয় নেই। সবাই একসঙ্গে মিলে শান্তিপূর্ণভাবে সব উৎসব পালন করবে।
মহিশিলার দয়ালবাবা আশ্রমে পুজো দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, জন্মাষ্টমী থেকেই বাংলায় উৎসবের সূচনা হয়ে গেল। উৎসবমুখর বাংলায় সাধারণ মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে সমস্ত উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।জন্মাষ্টমীর শুভক্ষণে বাংলায় শান্তি, সম্প্রীতি ও আনন্দের পরিবেশ বজায় রাখার পাশাপাশি উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে। এই প্রার্থনাই করেন অগ্নিমিত্রা পাল।


