ASANSOLDURGAPUR

দুর্গাপুরে পুলিশের দুটি বড়সড় অভিযান গ্রেফতার ১, আটক ১০, উদ্ধার একাধিক পেনড্রাইভ, এটিএম কার্ড ও হার্ডডিস্ক

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর স্টেশন বাজার এলাকার পাশাপাশি মঙ্গলবার কাদারোড ও অমরাবতি ভ্যাম্বে কলোনি এলাকায় একযোগে পুলিশ বড়সড় অভিযান চালায়। এই অভিযানকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়। বুদবুদ থানা, সাইবার সেল, দুর্গাপুর থানা সহ বিভিন্ন থানার ইনচার্জ এবং মহিলা পুলিশের একাধিক আধিকারিক ও কর্মীকে নিয়ে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। অভিযানে একাধিক বাড়ি বা নির্দিষ্ট কিছু জায়গায় তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে পেনড্রাইভ, এটিএম কার্ড, পাসবুক, হার্ডডিস্ক-সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তদন্তের স্বার্থে সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা তথ্য জানার চেষ্টা করছে পুলিশ বলে জানা গেছে ।অন্যদিকে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অমরাবতী ভ্যাম্বে কলোনিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার ও ছয়জনকে আটক করলো নিউ টাউনশিপ থানার পুলিশ।

অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় বেশ কিছু নথি ও ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করে পুলিশ।

সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে একজনকে গ্রেফতার ও ৬ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া নথিপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রীর সঙ্গে ঘটনার কি যোগ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *