অন্ডালে ইডির হানা কংগ্রেস নেতা ও ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি
বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি আবারও খনি এলাকায় অভিযান চালালো। বুধবার ভোরে অন্ডালের সিএল জামবাদ এলাকায় দিলীপ তুরি নামে এক ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বা ইডি আধিকারিকেরা হানা দেয় বলে জানা গেছে।এদিন সকাল হতেই একাধিক গাড়িতে তদন্তকারী দলের পৌঁছায়। তার সঙ্গে পুলিশের উপস্থিতি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ নিয়ে ইডির অভিযান কেন স্পষ্ট হয়নি।জানা গেছে , দিলীপ তুরি নামে ঐ কংগ্রেস নেতা একটি এনজিওর সঙ্গে যুক্ত। পাশাপাশি ইসিএলের বিভিন্ন কোলিয়ারি এবং খোলামুখ খনিতে অ্যাম্বুল্যান্স ও অন্যান্য চার চাকার গাড়ি টেন্ডারের মাধ্যমে চালানোর কাজ তিনি করেন বলে জানা যায়।









সূত্রের আরও দাবি, ঝাড়খণ্ড থেকে অ্যাম্বুল্যান্স এনে ইসিএলের বিভিন্ন এলাকায় টেন্ডারের মাধ্যমে বরাত নিয়ে তিনি চালাতেন। তবে ঠিক কোন মামলার তদন্তে বা কি কারণে দিলীপের বাড়িতে ইডির এই অভিযান, সে বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে সরকারি ভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযানের নেপথ্যে কি রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।এদিন ভোরবেলা একাধিক গাড়ি নিয়ে তদন্তকারী দল এলাকায় পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই বাড়ির আশপাশে ভিড় জমতে শুরু করে। যদিও তল্লাশিতে কি কি নথি মিলেছে, কিংবা কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও কোন তথ্য এখনো পর্যন্ত সামনে আসেনি বা জানা যায় নি ।খনি অঞ্চলে ইসিএলের বিভিন্ন পরিষেবা ও টেন্ডার-সংক্রান্ত কাজের সঙ্গে দিলীপের যোগ থাকার বিষয়টি সামনে আসায় তদন্তের সম্ভাব্য সূত্র নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে ইডির অভিযান মানেই কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত—এমন নয়। তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত অভিযানের প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।এখন নজর, ইডির তল্লাশি শেষে তদন্তকারী সংস্থা কী তথ্য সামনে আনে এবং অভিযানের কারণ সম্পর্কে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয় কি না, তার দিকে।





