ASANSOL

দাবি আদায়ে আসানসোলে বহুজাতিক অনলাইন খাবার ডেলিভারি কোম্পানির কর্মীদের কর্মবিরতির ডাক, বন্ধ পরিসেবা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক বহুজাতিক অনলাইন খাবার ডেলিভারি কোম্পানির কর্মীদের। এই কর্মবিরতির কারণে বুধবার বিকেলের পর থেকে আসানসোলে বন্ধ হয়ে গেছে অনলাইন খাবার পৌঁছানোর পরিসেবা। বৃহস্পতিবারেও এই কর্মবিরতি চলছে। বিভিন্ন দাবি আদায়ে ঐ কোম্পানির কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছেন। জানা গেছে, বুধবার বিকেল চারটে থেকে এই কর্মবিরত শুরু হয়েছে। এই কর্মবিরতি ততদিন পর্যন্ত থাকবে যতদিন না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ।

আসানসোলের জিটি রোডের বিএনআর মোড়ের কাছে ঐ কোম্পানির কর্মীরা তাদের বাক্স বা ব্যাগ রাস্তায় নামিয়ে দেন। তারা বলেন, আমরা কাজ করব না। কাউকে কাজও করতে দেবোনা। আমাদের দাবি প্রতি কিলোমিটার পাঁচ টাকা করে দিতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

তাদের আরো দাবি, যে পরিমাণে আমাদের যে টাকা খরচ হচ্ছে সেই পরিমাণে আমরা রোজগার করতে পারছি না। তাদের অভিযোগ, এই কর্মবিরতির সময় কোম্পানির এক আধিকারিক সেখানে আসেন। তিনি নিজেকে আধিকারিক বলে দাবি করেন। তিনি কর্মীদের প্রতিটি দাবি খারিজ করেন। যা নিয়ে আধিকারিকের সঙ্গে কর্মীদের বেশ কিছুক্ষণ বচসা হয়।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঐ আধিকারিক কর্মীদের দাবি বৃহস্পতিবারের মধ্যে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও, কর্মবিরতি করা কোম্পানির কর্মীদের বক্তব্য, বারবার এমন প্রতিশ্রুতি দেওয়া হলেও, কোন কাজই হয়নি। তাই তারা এই কর্মবিরতি করতে বাধ্য হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *