পান্ডবেশ্বরে ইসিএল কর্মীর বাড়ি ও শ্রমিক সংগঠনের অফিসে সিবিআইয়ের তল্লাশি, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, পাণ্ডবেশ্বর, সার্থক কুমার দে/ রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার খনি এলাকা পাণ্ডবেশ্বরে হঠাৎ সিবিআইয়ের তল্লাশি। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাত প্রায় ৮টা নাগাদ পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কোলিয়ারি এলাকার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা খনি কর্মী শঙ্করলাল হরিজনের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । পাশাপাশি কোলিয়ারির একটি অফিসেও চলে তল্লাশি। রাতভর এই অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের দাবি ।









স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সরকারের আমলে শঙ্করলাল হরিজন তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সম্প্রতি ইসিএলের এক কর্মীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠে। সেই অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের এই অভিযান বলে খনি এলাকার একাংশের ধারণা। যদিও এই অভিযোগের বিষয়ে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।জানা গেছে, বুধবার রাতে আচমকা তিন সদস্যের সিবিআইয়ের একটি দল সাউথ শ্যামলা কোলিয়ারি এলাকায় পৌঁছয়।




প্রথমে কোলিয়ারির একটি অফিসে তল্লাশি চালানোর পর শঙ্করলাল হরিজনের বাড়িতেও শুরু হয় দীর্ঘ তল্লাশি। বাড়ির বিভিন্ন নথিপত্র ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র তদন্তকারীরা সঙ্গে নিয়ে যান বলে সূত্রের খবর। তল্লাশি ঘিরে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের মধ্যে শুরু হয় নানা জল্পনা। বিশেষ করে ইসিএলের কর্মীকে ‘বিশেষ সুযোগ’ পাইয়ে দেওয়ার বিনিময়ে আর্থিক লেনদেনের যে অভিযোগ সামনে এসেছে, তা নিয়েই এখন জোর চর্চা খনি অঞ্চলে।অভিযান শেষে শঙ্করলাল হরিজনকে না পেয়ে তার ছেলেকে সিবিআই আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য বলেও সূত্রের দাবি। তবে তাকে কেন আটক করা হয়েছে, তাঁর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে এবং তদন্তের পরবর্তী পদক্ষেপ কি এই বিষয়ে কিছু জানা যায় নি।
রাতের অন্ধকারে ইসিএলের এই অভিযানকে ঘিরে তাই পাণ্ডবেশ্বরের রাজনৈতিক ও শ্রমিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসা, তারপরে তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রাক্তন নেতার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি, সব মিলিয়ে নতুন করে উত্তাপ ছড়ালো খনি অঞ্চলের রাজনীতিতে।

