ASANSOLDURGAPUR

অন্নপূর্ণা যোজনা পাওয়ার খুশিতে দুর্গাপুরে মহিলাদের পদযাত্রা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* অন্নপূর্ণা যোজনা পাওয়ার আনন্দ ও খুশিতে দুর্গাপুরে মহিলাদের উদ্যোগে রবিবার হল এক বিশেষ পদযাত্রা। একটি মঞ্চর তরফে হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে এই পদযাত্রায় অংশ নেন এলাকার বহু মহিলা। যোজনার সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই তাঁদের এই উদ্যোগ বলে জানা যায়। মহিলাদের বক্তব্য, সরকারের এই জনমুখী প্রকল্প তাঁদের আর্থিকভাবে কিছুটা স্বনির্ভর হতে সাহায্য করছে। সেই কারণে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তাঁরা এদিন পথে নামেন। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহ থেকে শুরু হয় এই পদযাত্রা।

এরপর সিটি সেন্টার এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে পদযাত্রা করে মহিলারা পৌঁছান সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। পদযাত্রায় অংশ নেওয়া মহিলাদের হাতে ছিল বিভিন্ন ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড। সেখানে অন্নপূর্ণা যোজনার প্রতি কৃতজ্ঞতা এবং মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপনের বার্তা তুলে ধরা হয়। পদযাত্রাকে ঘিরে মহিলাদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা।

অনেক মহিলাই জানান, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তাঁরা নিয়মিত আর্থিক সহায়তা পাচ্ছেন। তাঁদের মতে, এই ধরনের সরকারি প্রকল্প মহিলাদের নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি পরিবারে তাঁদের আর্থিক গুরুত্বও বাড়াচ্ছে। শুধু অন্নপূর্ণা যোজনাই নয়, মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও এদিনের পদযাত্রায় উঠে আসে।

পদযাত্রায় অংশগ্রহণকারী মহিলা ভারতী চট্টোপাধ্যায় বলেন, সরকার আমাদের দিকে তাকিয়েছে। শুধু অন্নপূর্ণা যোজনাই নয়, মহিলারা নানান কাজে স্বাবলম্বী হচ্ছে। আগামী দিনে সরকারের নানা জনমুখী কাজে উপকৃত হবেন সারা রাজ্যের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *