“দূষণ কমানো নয়, জিরো করতে হবে ” বার্নপুরে পরিবেশ রক্ষায় কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়:* আসানসোলের শিল্পাঞ্চলে ক্রমবর্ধমান দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, মঙ্গলপুরের স্পঞ্জ আয়রন কারখানা সহ জামুড়িয়া ও আসানসোল দক্ষিণের বিভিন্ন শিল্পাঞ্চলে থাকা কলকারখানা থেকে দূষণ ছড়াচ্ছে। অতীতে দূষণ নিয়ন্ত্রণের জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ হয়নি বলেও দাবি করেন তিনি।রবিবার বার্নপুরের ভারতী ভবনে রাঢ় বাংলা সাহিত্য পরিষদ ও ভারতী ভবনের যৌথ উদ্যোগে হওয়া সাহিত্য সংস্কৃতি সম্মেলনে অংশ নেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।













পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোলের এয়ার কোয়ালিটি ইনডেক্স বর্তমানে যথেষ্ট বেশি। বিষয়টি নিয়ে পরিবহণ মন্ত্রীর সঙ্গে কথা বলবো। একইসাথে কথা বলবো শিল্প মন্ত্রীর সঙ্গেও। এর পাশাপাশি গোটা বিষয়টি দেখতে জেলার ডিএমকেও বলবো। কোন গাড়ির বৈধ পলিউশন সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, তা খতিয়ে দেখার জন্য পরিবহণ দফতরকে সক্রিয় হওয়ার কথাও বলেন তিনি।
শিল্পাঞ্চলের দূষণ নিয়ন্ত্রণে শিল্প দফতর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আধুনিক প্রযুক্তি ও মেশিন ব্যবহার করে কারখানার দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু খরচের কারণে সেই মেশিন ব্যবহার না করলে তা বরদাস্ত করা হবে না।তাঁর সাফ বার্তা, পলিউশন লেভেল কম শুধু না, জিরো করতে হবে।
ব্যবসায়িক লাভের জন্য সাধারণ মানুষের স্বাস্থ্যকে বিপন্ন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।দূষণ সংক্রান্ত অভিযোগ সাধারণ মানুষকে সরাসরি সরকারকে জানানোর আহ্বান জানিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, এই ধরনের বিষয় সামনে এলে সরকার দ্রুত পদক্ষেপ করবে। তাই সবাইকে এগিয়ে আসতে হবে।

