পুজোর মুখে শতাধিক মহিলার জমানো টাকা নিয়ে উধাও! দুর্গাপুরে প্রতারণার অভিযোগ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুজোর ঠিক মুখে কষ্ট করে জমানো টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠল দুর্গাপুর নগর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের বীরভানপুরের বাসিন্দা চম্পা বাউরীর বিরুদ্ধে। অভিযোগ, বেশি সুদের প্রলোভন দেখিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার শতাধিক মহিলার কাছ থেকে মাসিক ফান্ডের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন তিনি। বর্তমানে সেই টাকা নিয়ে চম্পা বাউরী উধাও বলে অভিযোগ প্রতারিত মহিলাদের। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার প্রায় ১০০ জনেরও বেশি মহিলা নিয়মিতভাবে টাকা জমা দিতেন চম্পা বাউরি। বেশি সুদে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।













কিন্তু সম্প্রতি টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এরপরই চম্পা বাউরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন মহিলারা। অভিযোগ, তাঁর কোনও হদিশই পাওয়া যায়নি। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন প্রতারিত মহিলারা। চম্পার স্বামী ও তাঁর মায়ের বাড়িতেও গিয়ে খোঁজ করেন তাঁরা। তবে সেখানেও চম্পার সন্ধান মেলেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত শনিবার রাতে ১০০-রও বেশি মহিলা একজোট হয়ে দুর্গাপুরের কোকওভেন থানায় পৌঁছান।
সেখানে চম্পা বাউরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। তাদের দাবি, বছরের পর বছর ধরে কষ্ট করে আয় করা টাকা জমা করেছিলেন। পুজোর আগে সেই টাকা ফেরত না পেয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে প্রতারিত মহিলারা তাঁদের জমানো টাকা দ্রুত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।

