রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস সহ বন্ধ কারখানাগুলি নিয়ে নতুন আশা, কর্মসংস্থানের উপর জোর রাজ্য সরকারের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস এবং অন্যান্য বন্ধ কারখানাগুলি নিয়ে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। বন্ধ হয়ে থাকা এইসব কারখানাগুলির পুনরুজ্জীবিত করা অথবা নতুন কোন শিল্পের সম্ভাবনা নিয়ে এই আসানসোল শিল্পাঞ্চলে নতুন জল্পনা সৃষ্টি হয়েছে।রবিবার বার্নপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শিল্পাঞ্চলের ভবিষ্যৎ এবং বন্ধ কারখানাগুলি নিয়ে রাজ্যের পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন।









তিনি বলেন, বহু বছর ধরে কাজ না থাকায় এই এলাকা সহ বাংলার বহু ছেলেমেয়েরা সংসার চালানোর জন্য কেরালা সহ অন্যান্য রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার বিষয়। বাংলায় ধান রোয়ার মতো কাজ পাওয়া যায়না। তিনি আরো বলেন, বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন শিল্পপতিরা বিনিয়োগ করতে এগিয়ে আসছেন। গত চারমাসে অনেক নতুন কিছু হয়েছে। বন্ধ থাকা কারখানাগুলির যেসব আইনি জটিলতা বা লিটিগেশন রয়েছে, সেগুলি দ্রুত নিষ্পত্তি করে সেখানে নতুন শিল্প আনার চেষ্টা চলছে। যদি কোনো কারণে বড় শিল্প কারখানা নাও গড়ে তোলা সম্ভব হয়, তবে সেখানে হাসপাতাল বা অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প গড়ে তোলার ভাবনা রয়েছে। যাতে কোন জমি অকেজো বা অব্যবহৃত হয়ে পড়ে না থাকে।




তিনি বলেন, সরকারের প্রধান উদ্দেশ্য হলো বন্ধ ও অব্যবহৃত জমিগুলিকে কাজে লাগিয়ে স্থানীয় যুবক যুবতীদের নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। যাতে তাঁদের কাজের খোঁজে বাইরে যেতে না হয়। স্বাভাবিক ভাবেই, নতুন সরকারের কর্মসংস্থান ও শিল্পের পুনর্বাসনে সরকারের এই পদক্ষেপে এই শিল্পাঞ্চলের বাসিন্দা ও যুবসমাজের মধ্যে নতুন আশার সঞ্চার যে হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখেনা।

