ASANSOLDURGAPUR

” মাস্টার কি ” দিয়ে আলমারি খুলে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি ! ফাঁকা বাড়িতে লুটপাট, চাঞ্চল্য দুর্গাপুরে

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* গৃহকর্ত্রী ও ছেলে গিয়েছিলেন বাড়ির পাশের আশ্রমে। আর গৃহকর্তা গিয়েছিলেন শ্মশানে। সেই সুযোগেই ফাঁকা বাড়িতে ঢুকে আলমারি খুলে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। অভিযোগ, আলমারির তালা ভাঙা হয়নি। তার পরিবর্তে ‘মাস্টার কি’ ব্যবহার করে আলমারি খোলা হয়েছে। দিনের বেলায় জনবহুল এলাকায় এভাবে বাড়িতে ঢুকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর থানার বেনাচিতির নিবেদিতা প্লেস এলাকায়।জানা গেছে, নিবেদিতা প্লেস এলাকায় বাড়িটি ঠিকাদার মোহন বন্দ্যোপাধ্যায়ের। বুধবার পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে বাড়ির বাইরে ছিলেন। স্ত্রী ও ছেলে বাড়ির পাশের একটি আশ্রমে যান।

অন্যদিকে, মোহনবাবুও শ্মশানে গিয়েছিলেন। সেই সময় বাড়িটি কার্যত ফাঁকা ছিল। অভিযোগ, সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে লুটপাট চালায়। ঘরের আলমারি খোলার পাশাপাশি খাটও তছনছ করা হয়। পরিবারের দাবি, আলমারি থেকে দশ ভরিরও বেশি সোনার অলংকার নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে স্ত্রী, ছেলে ও শাশুড়ির গয়নাও ছিল বলে জানিয়েছেন বাড়ির মালিক। পাশাপাশি নগদ টাকাও চুরি হয়েছে বলে অভিযোগ।

খবর পেয় ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভিতরের পরিস্থিতি খতিয়ে দেখেন দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকরা। স্বাভাবিক ভাবেই দিনেদুপুরে এমন চুরির ঘটনায় হতচকিত বাড়ির মালিক। একইসাথে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *