আসানসোল রাইফেল ক্লাবে ৩৪১ ইন্ডিয়া ওপেন কমপিটিশনের আয়োজন, শুরু ১৮ সেপ্টেম্বর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল রাইফেল ক্লাবে আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে রাইফেল ও পিস্তল বিভাগে ৩৪১ ইন্ডিয়া ওপেন কম্পিটিশন। এই প্রতিযোগিতাটি ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই)-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। যোগ্যতা অর্জনকারী শুটাররা সরাসরি জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন।বুধবার দুপুরে আসানসোলের চাঁদমারিতে আসানসোল রাইফেল ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ওয়েষ্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভি.কে. ঢল বলেন , পরীক্ষায় অকৃতকার্যদের যেমন দ্বিতীয় সুযোগ দেওয়া হয়, ঠিক তেমনই নিজেদের জোনে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ শুটারদের জন্য এই কমপিটিশন আরো একটি সুযোগ এনে দিচ্ছে।









তিনি বলেন, এই বছর সারা দেশ থেকে প্রায় ২,১০০ জন শুটার আসানসোলে আসছেন এই প্রতিযোগীতায় অংশ নিতে। রাইফেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৮, ১৯, ২০ এবং ২১ সেপ্টেম্বর। আর সম্পূর্ণ পিস্তল বিভাগের প্রতিযোগিতা চলবে ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। অনেক বেশি সংখ্যায় শুটার এবং সীমিত লেনের কারণে, ইভেন্টগুলি প্রতিদিন সকাল ৭:৩০ থেকে শুরু করে রাত ৯:৩০ পর্যন্ত চলবে। অর্থাৎ প্রতিদিন মোট ১৪ ঘণ্টা চলবে।তিনি আরো বলেন, স্থানীয় ও বাংলার পাশাপাশি সারা দেশ থেকে অফিসিয়াল এই প্রতিযোগিতা পরিচালনা করতে আসছেন।




এই প্রতিযোগিতাটি সফল করার জন্য আসানসোল রাইফেল ক্লাব অক্লান্ত পরিশ্রম করছে। কারণ বাংলার একমাত্র ক্লাব হিসেবে আসানসোল রাইফেল ক্লাব একটি সর্বভারতীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করছে। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে ১২টায়। রাইফেল ইভেন্ট শেষ হওয়ার পরে ২১ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সমাপ্তি অনুষ্ঠানটি আগামী রবিবার, ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে ।

