বাগেশ্বর বাবার পোষ্টার ও ছবিতে অপমানের অভিযোগে ধৃত ৪ দিন পরে আসানসোল জেল থেকে মুক্তি কংগ্রেস নেতার
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ছবি ও পোস্টারে অপমানের অভিযোগে গ্রেফতার হওয়া কংগ্রেস নেতা অরূপ মুখোপাধ্যায় জামিনে মুক্ত হলেন। গ্রেফতার হওয়ার চারদিন পরে বুধবার আসানসোল জেল থেকে তিনি মুক্তি পেলেন। মঙ্গলবার বিকেলে এই কংগ্রেস নেতাকে আসানসোল আদালতের বিচারক জামিন দিয়েছিলেন। কিন্তু সন্ধ্যে হয়ে যাওয়ায় মঙ্গলবার তিনি আর জেল থেকে ছাড়া পাননি। চার দিন জেলে থাকার পর এদিন অরুপ মুখোপাধ্যায় বাইরে আসতেই জেলের প্রধান ফটকে কংগ্রেস কর্মীরা ফুলের মালা পরিয়ে তাঁকে সংবর্ধনা দেন। চলে জোরদার স্লোগানও।













উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর এস এম মুস্তাফা, শাহ আলম, বিশ্বনাথ যাদব সহ একাধিক কংগ্রেস নেতা।জেল থেকে বেরিয়ে নিজের গ্রেফতারি নিয়ে রাজ্য সরকার তথা বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান কংগ্রেস নেতা। তিনি বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে কার্যত ধ্বংস করা হচ্ছে। কোন কিছুর প্রতিবাদ করা হলেই বিরোধীদের কন্ঠরোধ করে জেলে পাঠানো হচ্ছে। তিনি বলেন, কোন এক ভিন রাজ্যের বাবার কাছে আমরা দুর্গাপূজো শিখবো।
আমিষ খাবো না, নিরামিষ খাবো, তা একজন ভিনরাজ্যের বাবা ঠিক করে দেবো। ঐ বাবা জানেন না, এই বাংলা স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাসচন্দ্র বোসের ভূমি। তার কটাক্ষ, যে দলের সাংসদ বীরযোদ্ধা নেতাজী সুভাসচন্দ্র বোসকে অপমান করেন, সেই বিজেপির কাছ থেকে কি আর আশা করবেন বাঙালিরা। ঘটনার সূত্রপাত, বেশ কিছুদিন আগে হাওড়ায় এক সভায় দুর্গাপুজোর সময় বাগেশ্বর বাবার আমিষ খাবার না খাওয়া নিয়ে মন্তব্যকে ঘিরে।
তার ঐ বক্তব্যের প্রতিবাদে আসানসোল দক্ষিণ থানার সামনে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি ঐ বাবার পোস্টার পোড়ান বলে অভিযোগ। এই ঘটনার পরে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অরূপ মুখোপাধ্যায়কে তাঁর মহিশীলা কলোনির বাড়ি থেকে গ্রেফতার করেছিলো।

