পশ্চিম বর্ধমানে ” অন্নপূর্ণা দিবস ” পালনের অনুষ্ঠান
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পুরো রাজ্যে অন্নপূর্ণা দিবস পালন করা হল। জেলাতেও জেলা, সাব-ডিভিশন ও ব্লক স্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্নপূর্ণা দিবস উপলক্ষে এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন হয়। সেই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র, আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ছাড়াও প্রশাসনের সমস্ত ঊর্ধ্বতন আধিকারিকরা ছিলেন। প্রচুর সংখ্যায় মহিলারা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।













এ বিষয়ে জেলাশাসক বলেন, এটি পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদের সহায়তা করার জন্য একটি বড় সামাজিক প্রকল্প। সরকার ঘোষণা করেছে যে প্রতি বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করা হবে। এদিন থেকে তার সূচনা হল।তিনি আরো বলেন, পর্যালোচনায় দেখা গেছে যে অনেকের নাম এখনো অন্নপূর্ণা ভান্ডারে যুক্ত হয়নি এবং ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে।

এমন লোকদের গ্রিভান্স সেলে ফাইল করার জন্য বলা হয়েছে। তারা ফাইল করছেন। এ নিয়ে প্রশাসন ক্রমাগত যোগাযোগ রাখছে। এই বিষয়ে মহিলারা বলেন, আমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছি। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। যদিও কিছু মহিলা এও বলেন যে তাঁরা নিয়মিত টাকা পাচ্ছেন না।

