বার্নপুরে বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিবহন কর্মীদের সরকারের পাশে থাকার আহ্বান
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার বার্নপুর বাস স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ডে বিশ্বকর্মা পূজোর উদ্বোধন করেন। বাসস্ট্যান্ডে বাস কর্মচারী এবং ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি চালকেরা উপস্থিত ছিলেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল দুজায়গাতেই প্রদীপ জ্বালিয়ে পূজোর উদ্বোধন করেন৷ তিনি বলেন, বিশ্বকর্মা পূজো মহাসমারোহের সঙ্গে পালিত হচ্ছে এই বছর। বর্তমান রাজ্য সরকার কোন সমস্যা জিইয়ে রাখেনা। তার সমাধান করে। সমাধানের ভান করেনা। আমরা চাই প্রত্যেক সমস্যার সুষ্ঠু সমাধান।













তার জন্যই আমরা চেষ্টা করছি। তিনি আরো বলেন ট্যাক্সি চালক হোক বা বাস চালক বা টোটো ও অটো চালক এই সরকার প্রত্যেক পরিবহন কর্মীর সাথে আছে। তাদের যে কোন অসুবিধা তার সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চান। তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

