অন্নপূর্ণার টাকা না পেয়ে আসানসোলে এসডিও অফিসে মহিলাদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে সোমবার আসানসোলে তীব্র বিক্ষোভের ছবি দেখা গেল। একদিকে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ, অন্যদিকে প্রশাসনের কাছে বারবার আবেদন করেও সমাধান না হওয়ার ক্ষোভ। এই দুইয়ের জেরে এদিন আসানসোলে মহকুমাশাসক বা এসডিও অফিসে সামনে জড়ো হন বহু মহিলা। প্রথমে এসডিও দফতরের সামনে বিক্ষোভ দেখানোর পরে কোন কিছু না হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। পরে ঐ মহিলারা এসডিও অফিসের সামনে রাস্তা অবরোধ শুরু করেন।













এর জেরে কিছু সময়ের জন্য যান চলাচলও ব্যাহত হয়।বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য তাঁরা প্রয়োজনীয় সমস্ত আবেদন ও নথিপত্র জমা দিয়েছেন। তাঁদের দাবি, উপভোক্তা হিসেবে যোগ্যতা যাচাইয়ের জন্য বাড়িতে গিয়ে তদন্ত করা হয়েছে। এমনকি ফোনের মাধ্যমেও বিভিন্ন তথ্য যাচাই করা হয়েছে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা পড়েনি বলে অভিযোগ।

প্রসঙ্গত, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার কথা। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু নিজেদের ক্ষেত্রে কেন টাকা আসছে না, সেই প্রশ্নেই এদিন সরব হন বিক্ষোভকারীরা।বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা ছিলেন।
টাকা না পাওয়ার ক্ষোভে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভ চলাকালীন ‘মোদি হটাও–দেশ বাঁচাও’ স্লোগানও শোনা যায়। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের ক্ষমতায় আনার দাবিতে রাজনৈতিক স্লোগান দেন বিক্ষোভকারীদের একাংশ।মহিলাদের বক্তব্য, তাঁরা যদি প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করে থাকেন এবং যাচাইয়ের প্রক্রিয়াও সম্পন্ন হয়ে থাকে, তাহলে তাঁদের টাকা আটকে রয়েছে কেন, তার স্পষ্ট জবাব দিতে হবে প্রশাসনকে।
যোগ্য উপভোক্তাদের টাকা না দিয়ে যদি তাঁদের বারবার দফতরে আসতে হয়, তাহলে সাধারণ মহিলাদের হয়রানি হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।বিক্ষোভকারীদের একাংশ আরো বলেন, যোগ্য হওয়া সত্ত্বেও যদি অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া যায়, তাহলে প্রকল্পটি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া দরকার। তাঁদের দাবি, প্রকৃত যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করে দ্রুত তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করতে হবে।
এদিকে, এসডিও দফতরের সামনে বিক্ষোভের পর রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। তবে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে মহিলাদের এই বিক্ষোভে একদিকে যেমন প্রশাসনিক প্রশ্ন উঠেছে, তেমনই প্রকাশ্যে এসেছে রাজনৈতিক স্লোগান দেওয়ার বিষয়টিও।

