দুর্গাপুরে আরো একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধনে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রী
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধাননগরে আরো একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল হলো। এস কে এস গ্রুপের উদ্যোগে নতুন এই বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সোমবার উদ্বোধন হলো। এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই বেসরকারি কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় ও শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশল, স্বাস্থ্য সচিব, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, মহকুমা শাসক সহ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।













এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস কে এস গ্রুপের কর্ণধার এস কে শর্মা, মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, রাজ্যে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা রাজ্যের ১৬ তম বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল।
এর পাশাপাশি সরকারের ২৪ টা মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। আরো দুটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে তৃনমুল কংগ্রেসের পাশাপাশি বামফ্রন্টকে আক্রমণ করেন। বিশেষ করে গ্রামের হাসপাতালগুলির করুণ দশা নিয়ে তিনি বলেন, সরকার চেষ্টা করছে হাল ফেরানোর। তার কথায় ডাঃ বিধান চন্দ্র রায়ের পরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কোনকিছু হয়নি।
সন্দেহজনক চিকিৎসক প্রসঙ্গে তিনি বলেন, ৫/৬ নয়, এই ধরনের চিকিৎসকদের তালিকাটা দীর্ঘ। কিন্তু খবর হয়ে যাওয়ার কারণে অনেক চিকিৎসক পালিয়েছে। তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে, নতুন এই মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুর ফলে দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানের চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে বলে উদ্যোক্তাদের আশা।
একইসঙ্গে এলাকার মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসক তৈরির ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানানো হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেডিকেল শিক্ষা, হাসপাতাল পরিষেবা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

