আসানসোলে কলেজ পড়ুয়াদের উপর হামলার ঘটনায় গ্রেফতারের দাবি, থানার বিক্ষোভ, জিটি রোড অবরোধ এভিবিপির
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বিবি কলেজে ছাত্রছাত্রীদের উপর হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে বুধবার আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এভিবিপি। এই বিক্ষোভের পাশাপাশি থানার সামনে জিটি রোড অবরোধ করা হয়। এই কর্মসূচির আগে এভিবিপির সমর্থকেরা আসানসোল স্টেশনের সামনে জড়ো হয়। সেখান থেকে তারা মিছিল করে আসানসোল দক্ষিণ থানার সামনে আসে।এই প্রসঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ওম প্রকাশ মিশ্র এদিন বলেন, গত ২১ সেপ্টেম্বর সোমবার আসানসোল বিবি কলেজে এক অনুষ্ঠান চলাকালীন বহিরাগতরা এসে ছাত্রছাত্রীদের মারধর করে।













সিসিটিভি ফুটেজে সেই মারধরের ঘটনা ধরা পড়েছে। এই ঘটনার পরে আমরা কলেজের প্রিন্সিপালকে গোটা বিষয়টি জানাই। এর পাশাপাশি আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি করেছিলাম। কিন্তু এরপরেও এখনও কেউ গ্রেফতার হয়নি। তারই প্রতিবাদে এদিন আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখানো হয়। আমাদের দাবি এই ঘটনায় সব অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

