ঝাড়খণ্ড রেজিস্ট্রেশনের অটো ঢুকলেই সিজ করবে পুলিশ কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শিল্পাঞ্চলের রাস্তায় ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন করা অটোর দাপট নিয়ে এবার কড়া অবস্থানের বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে আসানসোলের বিভিন্ন এলাকায় যে সমস্ত ঝাড়খণ্ডের নম্বরের অটো চলাচল করছে, সেগুলির বিষয়ে পুলিশ প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশিকা জারি করা প্রয়োজন। নিয়মবহির্ভূতভাবে কোনও গাড়ি প্রবেশ করলে তা সিজ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।অগ্নিমিত্রার বক্তব্যে মূলত উঠে আসে সীমান্ত পেরিয়ে অটো চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি।













তাঁর দাবি, প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বসে বিষয়টি খতিয়ে দেখে কোন কোন গাড়ি বৈধভাবে চলতে পারবে এবং কোন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করতে হবে।তিনি বলেন, ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে যে সমস্ত অটো আসানসোল শিল্পাঞ্চলে ঢুকছে, তাদের ক্ষেত্রেও নজরদারি বাড়ানো দরকার। পাশাপাশি সাধারণ মানুষ ও অটোচালকদের উদ্দেশে আগেই স্পষ্ট বার্তা দিতে হবে—নিয়ম না মেনে কোনও গাড়ি প্রবেশ করলে প্রশাসন তা সিজ করতে পারে।
মন্ত্রী আরও বলেন, “ঝাড়খণ্ড বর্ডার থেকে যেগুলো ঢুকছে, সেটাও নোটিফিকেশন দিয়ে দেওয়া হোক যে আমরা সিজ করে নেব। তখন তারা ভয়ে আর আসবে না। যখন জানবে যে সিজ হয়ে যাবে।অগ্নিমিত্রার এই বক্তব্য ঘিরে আসানসোল শিল্পাঞ্চলে ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশনের অটো চলাচল নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকায় আন্তঃরাজ্য অটো চলাচলের ক্ষেত্রে পারমিট, রেজিস্ট্রেশন এবং অন্যান্য পরিবহণ সংক্রান্ত নিয়ম কতটা মানা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
মন্ত্রী স্পষ্ট করে দেন, বিষয়টি নিয়ে শুধু আলোচনা নয়, প্রয়োজনে কড়া প্রশাসনিক পদক্ষেপের দিকেও যেতে হবে। তাঁর বক্তব্যে সীমান্ত দিয়ে নিয়মবহির্ভূত গাড়ি প্রবেশ ঠেকাতে ‘আগে সতর্কবার্তা। তারপর কঠোর ব্যবস্থা’-র বার্তাই কার্যত সামনে এসেছে। গোটা বিষয়টি নিয়ে জেলার আরটিওর সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (ট্রাফিক) খুব তাড়াতাড়ি বৈঠক করবেন বলে জানা গেছে।

