রানিগঞ্জে এইচএমএস ও বিএমএসের সদস্যদের মধ্যে মারামারির ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* শ্রমিক সংগঠন এইচএমএসের সদস্যদেরকে হাউসিং কমিটির বৈঠকে যেতে বাধা দেওয়া ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করে হাতাহাতি করার অভিযোগ উঠলো অন্য এক শ্রমিক সংগঠন বিএমএসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শনিবার দুই শ্রমিক সংগঠনের সদস্যদের হাতাহাতি ও মারামারির ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে রানিগঞ্জে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, এদিন রানিগঞ্জের নিমচা কোলিয়ারির জল ট্যাংকি সংলগ্ন এলাকার এইচএমএসের একদল কর্মী ও সমর্থক এলাকারই বাড়ির সমস্যা ও তার সমাধানের জন্য ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠক করতে যাচ্ছিলেন।









সেই সময় নিমচা জল ট্যাংকির কাছেই একদল বিএমএসের কর্মী ও সমর্থক তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। তাদের সাথে দুর্ব্যবহার করেন ও হুমকি দিয়ে বলেন যে, তারা যেন এই সংগঠন ছেড়ে দেয়। আরো বলা হয়, তারা যেন নেতার মতো আচরণ না করে। এমনই হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তাদেরকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার ভিডিও ও ছবি সোশাল মিডিয়া বা সমাজের মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে বিএমএসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এইচএমএসের সদস্যরা দেশ বিরোধী ও তাদের বিরুদ্ধেও স্লোগান দেন। সে কারণেই তারা বিরোধীতা করেছেন। আগামী দিনেও এমন বিরোধীতা তারা করবেন।




যদিও পাল্টা এইচএমএস নেতৃত্ব দাবি করেছেন, তাদের জাতপাতের কথা তুলে কথা বলা হয়। এমনকি তাদেরকে ছোট করে হামেশাই তাদের সংগঠনকে ভেঙে ফেলতে চায় বিএমএস। এর আগেও বেশ কয়েক দফায় তাদের ওপর চড়াও হয়েছেন বিএমএসের সদস্যরা বলেই দাবি করেন তারা।এইচএমএস নেতৃত্ব প্রথমে পুলিশকে গোটা বিষয়টি মৌখিকভাবে জানান। পরে রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়িতে তারা লিখিতভাবে অভিযোগ জানান। পুলিশ সূত্রে জানানো হয়েছে সমস্ত ঘটনা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তাতে দোষ প্রমাণিত হলে, দোষীদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

