ASANSOLDURGAPUR

দুর্গাপুরে অ্যাম্বুল্যান্স আটকে ৫ হাজার টাকা তোলাবাজি ও মারধরের অভিযোগ, জখম ১

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রোগী নিয়ে আসার সময় অ্যাম্বুল্যান্স আটকে ৫ হাজার টাকা তোলাবাজির অভিযোগ উঠলো। সেই টাকা দিতে অস্বীকার করায় আইসিইউ অ্যাম্বুল্যান্সের চালক ও টেকনিশিয়ানকে মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরের গান্ধী মোড় এলাকার অ্যাম্বুল্যান্স স্ট্যান্ডের এক মালিকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঐ টেকনিশিয়ান। রবিবার রাতের এই ঘটনার পর অভিযুক্ত মানিক রুইদাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ, অন্য একটি হাসপাতাল থেকে রোগী নিয়ে দুর্গাপুরের গান্ধী মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে আসছিল একটি আইসিইউ অ্যাম্বুল্যান্স।

হাসপাতালে ঢোকার আগে অ্যাম্বুল্যান্সটি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। অন্য হাসপাতালের অ্যাম্বুল্যান্স রোগী নিতে আসায় ৫ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ উঠেছে।অভিযোগকারী অ্যাম্বুল্যান্স মালিক নিজামুদ্দিন মোল্লার দাবি, ৫ টাকা দিতে অস্বীকার করতেই অ্যাম্বুল্যান্সের চালক ও টেকনিশিয়ান ইউনিস খান ও পার্থ হাজরার সঙ্গে বচসা শুরু হয়। এরপর তাঁদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় টেকনিশিয়ান গুরুতর আহত হন।

তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত মানিক রুইদাস অবশ্য তাঁর বিরুদ্ধে ওউঠা তোলাবাজি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *