দুর্গাপুরে নতুন আদালত ভবন চালুর দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা আদালতের নতুন ভবন দ্রুত চালু করার দাবিতে ফের সরব হলেন আইনজীবীরা। তাঁদের বক্তব্য, বর্তমান পুরোনো আদালত ভবনের অবস্থা অত্যন্ত ভগ্নদশা। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।আইনজীবীদের অভিযোগ, দুর্গাপুর মহকুমা আদালতের প্রবেশ পথের গার্ডওয়ালের ভগ্ন অবস্থা ছেড়ে পড়ছে পলেস্তারার চাঙর। নীচের তলা এবং উপর তলায় বিভিন্ন সরকারি দফতর থাকায় ভিড় লেগেই থাকে। মূল প্রবেশদ্বারের কংক্রিটের গার্ডওয়ালও ভেঙে পড়েছে।













পা ফসকে গেলেই বেসমেন্টে পড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। এই অবস্থায় ঝুঁকি নিয়ে বিচারক থেকে আইনজীবী ও বিচারপ্রার্থীদের যাতায়াত করতে হচ্ছে। এর আগেও এই একই কারণে বাইক দিয়ে প্রবেশ পথ অবরুদ্ধ করে প্রতীকী বিক্ষোভ দেখিয়েছিলেন আইনজীবীরা।
নতুন ভবন তৈরি, তবুও চালু হচ্ছে না। অন্যদিকে, নতুন আদালত ভবন তৈরি হয়ে পড়ে থাকলেও তা এখনও চালু করা হয়নি। সোমবারই দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পশ্চিমের লক্ষণ ঘড়ুই ও রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ আইনজীবীদের সঙ্গে নিয়ে নতুন কোর্ট বিল্ডিং পরিদর্শনে যান। তাদের পরিদর্শনে উঠে আসে চাঞ্চল্যকর ছবি।
ভবনের গেট খোলার পরই সেখানে সাপ ঘোরাফেরা করতে দেখা যায়। ভিতরে বিভিন্ন অংশে জল জমে রয়েছে। সেই জমা জলের কারণে নষ্ট হচ্ছে নতুন আদালত ভবনের দামি ফার্নিচার। ভবনের বিভিন্ন অংশ থেকে চাঙড় খসে পড়ার ঘটনাও নজরে আসে। বিধায়কদেরও দাবি, পুরনো আদালত ভবনের বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ, যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই পরিস্থিতির মধ্যেই আইনজীবীদের কাজ করতে হচ্ছে, যা অত্যন্ত সমস্যার।
দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের স্পষ্ট দাবি, অবিলম্বে নতুন ভবন সংস্কার করে চালু করতে হবে। পুরোনো ভবনে আর বিচারকাজ চালানো নিরাপদ নয়। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। যাতে যত দ্রুত সম্ভব নতুন আদালত ভবনটি সাধারণ মানুষের ও আইনজীবীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়।

