ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে ১ লক্ষ ৩০ হাজার টাকায় ইসিএল কোয়ার্টার বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় মহিলাদের উপর হামলার অভিযোগ

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইসিএলের পরিত্যক্ত কোয়ার্টার দখল ও বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের চিনাকুড়ি মন্দির পাড়া এলাকায়। এই কোয়ার্টারকে ঘিরে সোমবার সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় মহিলাদের উপর হামলা, মারধর ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক বিজেপি কর্মী সহ কয়েকজনের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গেছে , কুলটি থানার নিয়ামতপুরের চিনাকুড়ি মন্দির পাড়া এলাকায় একটি কোয়ার্টার দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়েছিল।

এলাকার মহিলারা নিজেদের উদ্যোগে সেটি পরিষ্কার করে মহিলা সমিতির সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং বৈঠকের জন্য ব্যবহার করতেন। অভিযোগ, এলাকার এক যুবক ঐ কোয়ার্টারটি দখল করে নিজের তালা লাগিয়ে দেন। প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকার বিনিময়ে অন্য এক ব্যক্তির কাছে সেটি বিক্রির জন্য কথাবার্তা চলছিল।বিষয়টি জানতে পেরে মহিলা সমিতির সদস্যরা প্রতিবাদ করে ওই তালার উপর আরও একটি তালা লাগিয়ে দেন বলে দাবি।

এরপরই গৌতম ও টিঙ্কু নামে দুই যুবকের নেতৃত্বে প্রায় ১৫-২০ জন লাঠি ও ডান্ডা নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। মহিলাদের মারধর, গালিগালাজ এবং অশালীন আচরণেরও অভিযোগ উঠেছে।মহিলা সমিতির সদস্যা রুবি দেবী ও সীতা পাসোয়ানের অভিযোগ, আমরা ঐ কোয়ার্টারে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান করতাম। দখলের প্রতিবাদ করতেই আমাদের উপর হামলা করা হয়েছে।

বিধায়ক তথা মন্ত্রীর নাম ব্যবহার করে প্রভাব দেখানোর অভিযোগও রয়েছে হামলাকারীদের বিরুদ্ধে।ঘটনার জানিয়ে থানায় অভিযোগ জানানো হলেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি মহিলা সমিতির। তাঁদের অভিযোগ, ইসিএলের পরিত্যক্ত কোয়ার্টার দখল করে টাকার বিনিময়ে বিক্রির প্রবণতা এলাকায় বাড়ছে। অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা না নেওয়া হলে পরিবার ও পরিজনকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।ঘটনার পর থেকেই চিনাকুড়ি মন্দির পাড়া এলাকায় উত্তেজনা রয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশ ও ইসিএল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *