২২ দফা দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি আদিবাসী সংগঠনের মহকুমাশাসককে ডেপুটেশন
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়:* দীর্ঘ ১৫ বছর ধরে ২২ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার পরও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। এই অভিযোগ তুলে ফের প্রশাসনের দ্বারস্থ হল অল আদিবাসী কো-অর্ডিনেশন কমিটি। বুধবার আসানসোল মহকুমা শাসকের দফতরে সংগঠনের পক্ষ থেকে ২২ দফা দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়। তার আগে সংগঠনের তরফে একটি মিছিল করা হয়।সংগঠনের সম্পাদক মতিলাল সোরেন বলেন, ২০১১ সাল থেকেই আসানসোল মহকুমায় আদিবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আন্দোলন চলছে।













সেই সময় অবিভক্ত পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক কাঠামোর মধ্যেও আসানসোল এসডিও দফতরে ২২ দফা দাবি জানানো হয়েছিল। দীর্ঘ ১৫ বছর পরেও সেই দাবিগুলির অধিকাংশের কোনও সুরাহা হয়নি বলে তাঁর অভিযোগ।মতিলাল সোরেনের বক্তব্য, এই সময়ের মধ্যে রাজ্যে একাধিক সরকার ক্ষমতায় এসেছে।
কিন্তু স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সমস্যাগুলি যথাযথভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি। সেই কারণেই ফের প্রশাসনকে বিষয়টি মনে করিয়ে দিতে ডেপুটেশন দেওয়া হয়েছে।তিনি জানান, মহকুমাশাসকের মাধ্যমে ২২ দফা দাবির ডেপুটেশন মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হবে। দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
মতিলাল সোরেন বলেন, প্রথমে আবেদন নিবেদনের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। তাতেও কাজ না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নেমে আন্দোলন করা হবে। সংগঠনের দাবি, আদিবাসীদের দীর্ঘদিনের সমস্যাগুলি দ্রুত সমাধানে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ করতে হবে।

