বেহাল রাস্তা, অন্নপূর্ণা যোজনা সহ একাধিক ইস্যুতে দল ও সরকারের অবস্থান স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শনিবার নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণে একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসে বিভিন্ন ইস্যুতে নিজের বক্তব্য তুলে ধরেছেন। ফুটবল ম্যাচ, শহরের রাস্তার বেহাল দশা, অন্নপূর্ণা যোজনা, বিরোধী নেতাদের বক্তব্য, নন্দীগ্রামের চন্দন রথ হত্যা মামলা থেকে সংখ্যালঘু ভোট নিয়ে তিনি প্রতিক্রিয়া দেন।ফুটবল প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, ভারত ও ব্রাজিলের মধ্যে ম্যাচ হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। তাঁর কথায়, ফুটবল বাংলার মানুষের হৃদস্পন্দন।













তিনি নিজেও সেই ম্যাচ দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বলেন, আমার কর্মী ও সমর্থকরাও ম্যাচ দেখতে যাবেন। একইসঙ্গে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, খেলার আনন্দ যেন শান্তিপূর্ণভাবে উপভোগ করা হয়। আবেগের বশে কেউ যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটান।
দুর্গাপুজোর আগে শহরের বিভিন্ন রাস্তার গর্ত ও বেহাল রাস্তা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অসন্তোষের প্রসঙ্গেC তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আমার দপ্তর পূর্ত দপ্তর, জাতীয় সড়ক কতৃপক্ষ , রেল এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। তাঁর দাবি, বেশ কিছু খারাপ রাস্তার টেন্ডার ইতিমধ্যেই হয়ে গেছে। কয়েকটি জায়গায় দ্রুত কাজ শুরু হবে।
কোনও এলাকায় রাস্তা খারাপ বা গর্ত থাকলে পুর ও নগরোন্নয়ন দফতর অথবা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বিষয়টি জানানোর আবেদনও করেন তিনি।অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, যারা এই প্রকল্পের জন্য যোগ্য, তাঁরা অবশ্যই সুবিধা পাবেন।
আবেদন ও নথিপত্র অনলাইনে আপলোড করার ক্ষেত্রে কর্মীর ঘাটতির কারণে কিছু মানুষকে অপেক্ষা করতে হচ্ছে বলেও জানান তিনি। যারা ইতিমধ্যেই আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাননি, তাঁদের পরিষেবা সেতুর এনরোলমেন্ট নম্বর দেওয়ার আবেদন করেন তিনি। তাঁর বক্তব্য, নতুন করে আবেদন নেওয়ার পরিবর্তে আগে করা আবেদনের তথ্য যাচাই করে যোগ্য ব্যক্তিদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে।
সম্প্রতি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অভিযোগ করে বলেছিলেন যে দেশের একটি অংশ নরেন্দ্র মোদিকে ভগবান বানানোর চেষ্টা করছে।অগ্নিমিত্রা পাল বলেন, বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভগবান মনে করে না। প্রধানমন্ত্রী নিজেই নিজেকে দেশের সেবক বলে উল্লেখ করেন। পাশাপাশি সিপিএমকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি লেনিন বা মাকর্সকে ভগবান মনে করে না।
তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে সিপিএম।২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর দাবির প্রসঙ্গেও মুখ খোলেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর কাছে যদি চিকিৎসা সংক্রান্ত নথি থাকে, তাহলে উপযুক্ত সময়ে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন তিনি।
অগ্নিমিত্রা পাল দাবি করেন, সেই সময় পায়ে ফ্র্যাকচার হয়নি এবং নির্বাচনে সহানুভূতি পাওয়ার জন্য চোটের বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। নির্বাচনের ফল প্রকাশের দিন হুইলচেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়িয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, চন্দন রথ হত্যা মামলায় বিচার হওয়া উচিত। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।চন্দন রথের সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের কথাও এদিন স্মরণ করেন অগ্নিমিত্রা পাল।
তাঁর দাবি, পরিবার ও সহযোগীদের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে চন্দন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। পুজোর সময় তাঁকে বিশেষভাবে মনে পড়ে বলেও জানান তিনি। ভবানীপুর ও নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রসঙ্গে সংখ্যালঘু ভোট নিয়েও নিজের বক্তব্য রাখেন অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিজেপিকে নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে।
সিএএ এবং ধর্মীয় অধিকার নিয়ে বিভিন্ন ধরনের প্রচার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।অগ্নিমিত্রার দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার বা মাদ্রাসা নিয়ে বিরোধীদের প্রচার করা আশঙ্কার মতো পরিস্থিতি তৈরি হয়নি।তৃণমূলের মুসলিম বিধায়কদের কাজ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাস্তা, পরিচ্ছন্নতা, নিকাশি ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবার দিকে নজর দেওয়ার কথাও বলেন তিনি।অগ্নিমিত্রা পাল বলেন, সরকার সব সম্প্রদায়ের জন্য কাজ করার কথা বলছে। তাঁর লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর পাশাপাশি ‘বিকশিত বাংলা’ গড়ে তোলা।

