পান্ডবেশ্বরে জেলা পরিষদের রাস্তা দিয়ে চলছে কয়লার ট্রাক, আতঙ্কে গ্রামবাসীরা, সুরাহা চেয়ে প্রতিবাদ, রাস্তা অবরোধ
*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলা পরিষদের রাস্তা বেহাল । ধুলোয় ছড়াচ্ছে দূষণ। তার উপর সেই রাস্তা দিয়ে চলছে একের পর এক কয়লাবোঝাই ট্রাক। দুর্ঘটনার আশঙ্কায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের শ্যামসুন্দরপুর এলাকায়। শেষ পর্যন্ত শনিবার সকালে সরপি-শ্যামসুন্দরপুর হয়ে কুমারডিহি যাওয়ার রাস্তায় কয়লাবোঝাই ট্রাক আটকে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, ইসিএলের কয়লা পরিবহনের ভারী গাড়ি চলাচলের জেরে রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল।













তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ধুলোর দাপট। শ্যামসুন্দরপুরের আদিবাসী পাড়ার উপর দিয়ে নিয়মিত কয়লাবোঝাই ট্রাক চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কাতেও ভুগছেন বাসিন্দারা। তাঁদের দাবি, ভারী গাড়ির কারণে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতেও ভয় হচ্ছে। রাস্তার উপর কোনও কয়লাবোঝাই ট্রাক বিকল হয়ে পড়লে যান চলাচলও বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।এদিন সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা কয়লাবোঝাই ট্রাক আটকে বিক্ষোভ শুরু করেন।
তাঁদের দাবি, আগে রাস্তা মেরামত করতে হবে। পাশাপাশি পাড়ার ভিতর দিয়ে কয়লাবোঝাই গাড়ি চলাচল বন্ধ করে বিকল্প রাস্তা দিয়ে পরিবহণের ব্যবস্থা করতে হবে। দাবি পূরণ না হলে এই রাস্তা দিয়ে কোনও ভাবেই কয়লাবোঝাই ট্রাক চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান তাঁরা।অন্যদিকে, ইসিএলের এক আধিকারিক মধুসূদন সিং বলেন, কয়েক দিন ধরে প্রবল বৃষ্টির কারণে ইসিএলের পরিবহণের মূল রাস্তা খারাপ হয়ে যাওয়ায় সাময়িক ভাবে শ্যামসুন্দরপুরের এই রাস্তা ব্যবহার করা হচ্ছিল।
দ্রুত রাস্তা মেরামতির কাজ শেষ হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। তাঁর দাবি, শনিবার দুপুর থেকেই সম্ভবত ঐ রাস্তা দিয়ে আর কয়লাবোঝাই গাড়ি চলবে না। বিকল্প রাস্তা দিয়েই পরিবহণের ব্যবস্থা করা হবে।ইসিএল কর্তৃপক্ষের এই আশ্বাসের পর শেষ পর্যন্ত বিক্ষোভ ও অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।

