আসানসোলে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের ভূমিকা নিয়ে সরব বাসিন্দারা, ডাম্পার আটকে রাস্তা অবরোধ, বিক্ষোভ
*বেঙ্গাল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর কুমারপুর মোড় সংলগ্ন এলাকায় ডাম্পারের ধাক্কায় এক স্কুটি চালকের জখম হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ালো। স্কুল ও অফিস টাইমে ব্যস্ততম সেনরেল রোডে ডাম্পার চালানো নিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। তারা ডাম্পার আটকে, আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এলাকায় এলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। পুলিশকে ঘেরাও করে এলাকার বাসিন্দারা বাসিন্দারা সরব। আসানসোলের কল্যানপুর হাউজিংয়ের বাসিন্দা আহত স্কুটি চালকের নাম বিদ্যুৎ কর। তিনি আসানসোলের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।











জানা গেছে, কল্যাণপুর থেকে এদিন সকাল এগারোটা নাগাদ বিদ্যুৎ কর স্কুটি করে সেনরেল রোড হয়ে সৃষ্টিনগর যাচ্ছিকেন। সেই সময় তাকে কুমারপুর মোড়ের কাছে এক ডাম্পার ধাক্কা মারে। এর ফলে স্কুটি চালক গুরুতর আহত হন। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, কল্যাণপুরের বাসিন্দা বিদ্যুৎ করকে ডাম্পারের সামনে চাকা থেকে জখম অবস্থায় বার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই রাস্তায় প্রতিদিন স্কুল ও অফিস টাইমে ডাম্পার চলে। কিন্তু পুলিশ প্রশাসন কোন নজর দেয় না। যার ফলে প্রায় প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটে। তারা এর জন্য পুলিশ প্রশাসনের গাফিলতিকে দায়ী করেন। তারা বলেন, এখন ট্রাফিক গার্ড পুলিশের কাজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে নানা অজুহাতে ছোট গাড়ি চালকদের হেনস্তা করে, জরিমানা আদায় করা। এলাকার বাসিন্দাদের দাবি, সকাল থেকে রাত নটা পর্যন্ত এই রাস্তায় ডাম্পার চালানো চলবে না। বেশ কয়েক ঘন্টা পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।


