আসানসোল গার্লস কলেজে ” আগমনী ” অনুষ্ঠানে ধুনুচি প্রতিযোগিতা “
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে শুক্রবার আসানসোল গার্লস কলেজের উদ্যোগে আয়োজিত ‘আগমনী’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। অন্যদের মধ্যে ছিলেন কলেজের প্রিন্সিপাল ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী। এদিনের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলার ঐতিহ্যবাহী ধুনুচি নাচের প্রতিযোগিতা এবং দক্ষিণ ভারতের প্রাচীন যুদ্ধকলা কালারিপায়াত্তুর প্রদর্শনী।











প্রতিযোগীদের হাতে পুরষ্কার হিসেবে স্মারক তুলে দেন বিধায়ক।তিনি বলেন, নারীদের আত্মরক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তা যখন স্কুল ও কলেজ স্তর থেকে শুরু হয়। এইসব কিছু তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে এবং আত্মশক্তিকে আরও দৃঢ় করে তুলতে সহায়তা করে। বিধায়ক আরো বলেন, মা দুর্গার আগমনে দূর হোক সকল অশুভ শক্তি, প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি। বাংলার প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ুক আনন্দের আলো, প্রতিটি মানুষের জীবনে আসুক নতুন নতুন আশা ও সম্ভাবনার দিক।


