বার্নপুর মিনি মার্কেটে কাগজের কার্টুনের গোডাউনে ভয়াবহ আগুন, এলাকায় আতঙ্ক
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের হিরাপুর থানার বার্নপুর মিনি মার্কেটে কাগজের কার্টুনের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার ভোরবেলার এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। গোডাউনে প্রচুর পরিমাণে কাগজের কার্টুন মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বার্নপুরের মিনি মার্কেটে একটি কাগজের কার্টুনের গোডাউনে এদিন ভোর প্রায় চারটে নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে।











সেই খবর পান আশপাশের এলাকা বাসিন্দারা। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছে গোডাউনের শাটার ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।গোডাউনে প্রচুর পরিমাণে কাগজের কার্টুন মজুত থাকায় আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয়দের তৎপরতায় এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনাকে কেন্দ্র করে বাজার এলাকায় সাময়িকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের অনুমান, মহালয়ায় বাজি ফাটানো থেকে আগুন লাগতে পারে। অন্যদিকে, শর্ট সার্কিট থেকে এই গোডাউনে আগুন লাগার একটা সম্ভাবনার কথাও উঠে এসেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি মালিকের তরফে।


