মন্দিরে চুরির অভিযোগে গ্রেফতার দুই, উদ্ধার সামগ্রী
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : অন্ডাল, লাউদোহা ও পাণ্ডবেশ্বর এলাকার বিভিন্ন মন্দিরে চুরির ঘটনায় এক অভিযুক্ত ও চুরির সামগ্রী কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চলতি মাসের ৭ তারিখ বৈদ্যনাথপুর এলাকা থেকে শেখ নবীন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ।













ধৃতকে পাঁচ দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে লাউদোহা মোড়ের ব্যবসায়ী শেখ আনোয়ারের নাম উঠে আসে । চুরির সামগ্রী কেনার অভিযোগে তাঁকেও গ্রেফতার করা হয় । ধৃত শেখ নবীন দুর্গাপুরের আমরাই গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে রাঙ্গামাটি গ্রামে থাকে । পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী । পরপর মন্দিরে চুরির ঘটনায় দুই জন গ্রেফতার হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী ।

