রামধনু রঙে সাজবে আসানসোল, পুজোর আগে শহর সৌন্দর্যায়নে উদ্যোগী অগ্নিমিত্রা পাল
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়:* দুর্গাপুজোর আগে আসানসোল শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন রাস্তা ও ফুটপাত রামধনুর রঙে সাজানোর পাশাপাশি আলোকসজ্জার পরিকল্পনাও করা হয়েছে। মঙ্গলবার আসানসোলে এক অনুষ্ঠানে এসে এই উদ্যোগের কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।অগ্নিমিত্রা পাল বলেন, কলকাতার গড়িয়াহাট ব্রিজ, রেড রোড ও চিংড়িঘাটা ব্রিজের আদলে আসানসোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকাকে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।













এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘রামধনু রাস্তা’। তাঁর কথায়, আগে মানুষের সাজসজ্জার প্রতি আগ্রহ থাকলেও এখন সেই ভাবনা থেকেই শহরকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রী দাবি করেন, এই সৌন্দর্যায়নের কাজে সাধারণ মানুষের করের টাকা খরচ করা হচ্ছে না। বিভিন্ন সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিলের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। শহরকে দুর্গাপুজোর আগে নতুনভাবে সাজিয়ে তোলার আবেদন জানানো হলে সংশ্লিষ্ট সংস্থাগুলি সহযোগিতা করেছে বলেও তিনি জানান।
তাঁর বক্তব্য, এই রং প্রায় পাঁচ মাস থাকবে। তাই পুজোর সময় শহরকে নতুন সাজে সাজিয়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।শহরের আলোকসজ্জা নিয়েও পরিকল্পনার কথা জানান অগ্নিমিত্রা পাল। ভগৎ সিং মোড় থেকে চিত্রা, জুবিলি হয়ে আসানসোল বাজার এবং মনোজ সিনেমা এলাকা পর্যন্ত যতটা সম্ভব সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য চন্দননগরের আলোকসজ্জা শিল্পীদের কাজে লাগানো হচ্ছে। মায়ের মুখ ও ত্রিশূলের আদলে তৈরি আলোর মাধ্যমে বিভিন্ন এলাকা সাজানোর পরিকল্পনা রয়েছে।মন্ত্রী আরো বলেন, দুর্গাপুজো উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত অনুষ্ঠানের আলোকসজ্জা ও আতশবাজি মানুষের নজর কেড়েছিল। দুর্গাপুরকেও সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সেই সূত্রেই আসানসোলকেও নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শহর সাজিয়ে তোলার আহ্বানের কথা উল্লেখ করে অগ্নিমিত্রা পাল বলেন, নিজেদের উদ্যোগ ও তহবিলের মাধ্যমে শহরকে সুন্দর করে তোলার চেষ্টা চলছে। দুর্গাপুজোর আগে রামধনু রঙের রাস্তা ও আকর্ষণীয় আলোকসজ্জার মাধ্যমে আসানসোলকে নতুন রূপ দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। বর্তমান রাজ্য সরকার মানুষের জন্য কাজ করে।

