বিজয়ার ব্যানার ছিঁড়ে ফেলা নিয়ে দুর্গাপুরে উত্তেজনা তৃণমূলের কোর কমিটির সদস্যের গোষ্ঠীর সাথে বিজেপির কর্মীদের সংঘর্ষ ও ধস্তাধস্তি
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিজয়ার শুভেচ্ছা লেখা ব্যানার বাঁধাকে কেন্দ্র করে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির প্রাক্তন সদস্যের গোষ্ঠীর সঙ্গে বিজেপির কর্মীদের বচসা। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। সঙ্গে চলে ডিম বৃষ্টি। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুর থানার নিউটন এলাকা। ড্রেনে ফেলেও বেধড়ক মারধর করতে দেখা যায় এক যুবককে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কোর কমিটির প্রাক্তন সদস্য বান্টি সিং দলবল নিয়ে বিজেপির পতাকা খুলে ফেলে দেয়। তারই প্রতিবাদ করেছে বিজেপি কর্মীরা।













এই প্রসঙ্গে দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপির ১ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক দিব্যেন্দু গায়েনের অভিযোগ, বিজয়া সম্মেলন ও শুভেচ্ছা জানাতে আমরা পতাকা ও ব্যানার লাগিয়েছিলাম। শনিবার সকালে খবর পাই আমাদের পতাকা ফেলে দিয়েছে বান্টি সিং। আমরা তারই প্রতিবাদ করেছি। ৪ তারিখের পর তৃণমূলের দুষ্কৃতি বান্টি সিং বিজেপিতে আসার চেষ্টা করছে। কিন্তু বিজেপিতে তার কোন জায়গা নেই। আমরা তাকে দলে কোন জায়গা দেবোনা।

আমাদের দলের যারা তাকে নেওয়ার চেষ্টা করবে, তার জোরালো প্রতিবাদ জানাবো।অন্যদিকে, বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল এই প্রসঙ্গে বলেন, বান্টি সিং নামে তৃণমূল কংগ্রেসের এক দুষ্কৃতি এলাকায় গন্ডগোল করছে। তার নেতৃত্বে কয়েকজন দলের ব্যানার ছিঁড়ে দিয়েছে বলে শুনেছি। আমরা পুলিশের কাছে গোটা ঘটনার সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করছি।তবে, এইসব অভিযোগ নিয়ে বান্টি সিংয়ের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

