বিশ্ব পোলিও দিবসে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের সচেতনতা অভিযান, ট্যাবলোর উদ্বোধন
*বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগে শুরু হল পোলিও সচেতনতা অভিযান। শনিবার ক্লাবের সদস্যদের উপস্থিতিতে আসানসোলে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। শিশুদের পোলিও টিকাকরণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং পোলিওমুক্ত ভারতকে সুরক্ষিত রাখার বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্লাবের সভাপতি দীপক রুদ্র আরো বলেন, ভারত বর্তমানে পোলিওমুক্ত দেশ হলেও প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানে এখনও পোলিওর ঝুঁকি রয়েছে।













ফলে ওই দেশগুলি থেকে ভবিষ্যতে পোলিও সংক্রমণ ভারতে ফিরে আসার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই সতর্কতা বজায় রাখা এবং শিশুদের নিয়মিত পোলিওর টিকা দেওয়া অত্যন্ত জরুরি।তিনি জানান, ভারত সরকারের নির্ধারিত দিন অনুযায়ী শিশুদের পোলিওর ড্রপ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং নির্ধারিত টিকাকরণ কেন্দ্রগুলিতে এই পরিষেবা দেওয়া হয়।
অভিভাবকদের প্রতি তাঁর আবেদন, পাঁচ বছর পর্যন্ত বয়সের প্রত্যেক শিশুকে সরকারি কর্মসূচি অনুযায়ী পোলিওর ড্রপ খাওয়ানো নিশ্চিত করতে হবে।এই সচেতনতা অভিযানে ক্লাবের সভাপতি দীপক রুদ্রের পাশাপাশি উপস্থিত ছিলেন সম্পাদক জয়ন্তী চৌধুরী, কোষাধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায় এবং যুগ্ম কোষাধ্যক্ষ শোভা খান্ডেলওয়াল। এছাড়াও ছিলেন সমীর চৌধুরী, স্বপন চৌধুরী, বি. আর. দাশগুপ্ত, এস. বসু, মিহির কর্মকার, প্রবীর পাল, গৌতম চৌধুরী, চন্দন মুখোপাধ্যায় এবং অভিজিৎ চট্টোপাধ্যায় সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদিন ধরে এই ট্যাবলোর মাধ্যমে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হবে। বিশেষ করে যেসব এলাকায় স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে, সেখানে বেশি গুরুত্ব দেওয়া হবে। পোলিওর ড্রপ কেন খাওয়ানো প্রয়োজন, এর উপকারিতা কি এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের এই উদ্যোগের লক্ষ্য, সরকারি পোলিও টিকাকরণ কর্মসূচি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং নির্ধারিত দিনে পাঁচ বছরের মধ্যে বয়স এমন প্রতিটি শিশুকে পোলিওর ড্রপ খাওয়ানোর জন্য অভিভাবকদের উৎসাহিত করা। ভারত ও পশ্চিমবঙ্গকে পোলিওমুক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

