পুজোর মরশুমে বাড়ছে পথদুর্ঘটনা, সচেতনতা বাড়াতে আবারও রাস্তায় দুর্গাপুর পুলিশ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পুজোর মরশুমে ইস্পাত নগরী দুর্গাপুরে একের পর এক পথদুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘিরে বাড়ছে উদ্বেগ। বেপরোয়া গতি, অসতর্কতা এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে পথনিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে আবারও রাস্তায় নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানা।মঙ্গলবার দুর্গাপুরের গান্ধী মোড় থেকে সিটি সেন্টার পর্যন্ত একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়।











পাশাপাশি পানাগড় বাজার এলাকাতেও পদযাত্রার মাধ্যমে পথচলতি মানুষকে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়া হয়।দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার। উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় মণ্ডল এবং সাব ট্রাফিক গার্ডের ইনচার্জ অনন্ত রায় অন্যান্যরা।পুলিশের তরফে গাড়ি চালকদের সচেতন করতে পরামর্শ দেওয়া হয়।


