ASANSOL

হাইকোর্টের নির্দেশের পরেও আন্দোলনে অনড় দুর্গাপুর আদালতের আইনজীবীরা, পরিকাঠামো উন্নয়নের দাবি

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* হাইকোর্টের নির্দেশের পরেও কর্মবিরতির পাশাপাশি আন্দোলনের অবস্থান থেকে সরতে নারাজ দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। পুরনো কোর্ট বিল্ডিং থেকে নতুন কোর্ট বিল্ডিংয়ে আদালতের রেকর্ড স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে আইনজীবীদের বসার উপযুক্ত জায়গা এবং বিচারপ্রার্থীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও সুব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে বার অ্যাসোসিয়েশন।

এদিন বার অ্যাসোসিয়েশনের তরফে আইনজীবীরা দাবি আদায়ে আন্দোলন করেন। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা আসানসোলে জেলা আদালতে আসবেন বলে জানিয়েছেন। দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ এদিন বলেন, আইনজীবীদের বসার পর্যাপ্ত জায়গা এবং বিচারপ্রার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

তাঁর বক্তব্য, আদালতের রেকর্ড স্থানান্তরের নির্দেশ দেওয়া হলেও আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য উপযুক্ত পরিকাঠামো নিশ্চিত করা জরুরি।কল্লোল ঘোষ আরো বলেন, আইনজীবীদের এই দাবির প্রতি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনেরও সমর্থন রয়েছে। প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত নিজেদের দাবিতে অনড় থাকবেন তাঁরা।

এখান থেকে ভ্যাকেশন কোর্ট আসানসোলে পাঠানো হয়েছে। কিন্তু কেন তা পাঠানো হয়েছে, তা আমাদেরকে জানানো হয়নি। আমরা এর বিরোধিতা করেছি। আসানসোল আদালতের আইনজীবীরা এই ভ্যাকেশন কোর্টে অংশ নেবেন না বলে ইতিমধ্যেই জানিয়েছেন। আমরা তাদের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা আসানসোলে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *