ASANSOL

আসানসোলে ধর্ণায় প্রাক্তন মেয়র, রেলপার এলাকাকে বঞ্চিত করার অভিযোগ

গাড়ুই নদী সংস্কার, খারাপ রাস্তা ও স্ট্রিট লাইট ঠিক করার দাবি

বেঙ্গল মিরর, আসানসোল,রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল পুরনিগম রেলপার এলাকাকে বঞ্চিত করে গাড়ুই নদী সংস্কার করছে না। এলাকায় রাস্তা ও স্ট্রিট লাইটের বেহাল দশা। এইসব কিছুর প্রতিবাদে সোমবার সকাল থেকে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি মঙ্গল পান্ডে সেতুর কাছে ধর্ণায় বসেন। জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে ধর্ণা মঞ্চে ছিলেন আসানসোল পুরনিগমের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি, কাউন্সিলর গৌরব গুপ্ত, প্রাক্তন কাউন্সিলর ভৃগু ঠাকুর সহ অন্যান্যরা।


জিতেন্দ্র তেওয়ারি ও চৈতালি তেওয়ারি এই বলে সরব হন যে, আসানসোল পুরনিগম কতৃপক্ষ রেলপার এলাকাকে পুরপরিসেবা পাওয়া থেকে বঞ্চিত করছে। গাডুই নদীটি সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না। রাস্তাঘাট ও স্ট্রিট লাইটের অবস্থা বেহাল হয়ে পড়েছে। ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি তিওয়ারি আসানসোল পুরনিগমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, আসানসোল পুরনিগম জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করে। কিন্তু সেই জনগনকে সুযোগ সুবিধা ও পুর পরিসেবা দেওয়া হয় না। গাড়ুই নদী প্রতি বছর বর্ষার আগে ঠিকমতো সংস্কার করা হয় না। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় প্রতি বছর বর্ষাকালে রেলপার এলাকায় বন্যা হয়। কিছু মানুষ প্রাণ হারায়।

আসানসোল মানুষেরা বার্ধক্য ভাতা, বিধবা পেনশন পাননা। পানীয়জল ঠিক মতো মেলেনা। এমন পরিস্থিতিতে আসানসোল পুরনিগমের কাছে অভিযোগ করা ছাড়া সাধারণ মানুষের আর কোনো উপায় নেই বলে জিতেন্দ্র তেওয়ারি মনে করেন। তিনি অভিযোগ করেন, আসানসোল পুরনিগমের আধিকারিকরা নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করেন না। এদিকে ভোটের সময় তৃণমূল কংগ্রেস ভোট লুঠ করে আসানসোল পুরনিগম দখল করে। কিন্তু মানুষেরা নাগরিক পরিষেবা পাচ্ছেন না। তিনি বলেন, এদিন প্রতীকী ধর্ণা বিক্ষোভ দেখানো হলো। এদিন সন্ধ্যে ছটা পর্যন্ত এই ধর্ণা বিক্ষোভ চলবে।  এর পরেও যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে এই এলাকার বাসিন্দাদেরকে সাথে নিয়ে বড় আকারের আন্দোলন করা হবে। 


জিতেন্দ্র তিওয়ারির প্রতিবাদ ও রেলপার এলাকাকে বঞ্চিত করার অভিযোগ প্রসঙ্গে আসানসোল পুরনিগমের বোরো কমিটির চেয়ারম্যান উৎপল সিনহার বলেন, জিতেন্দ্র তিওয়ারি কিছু জানেন না। এটা বাস্তব যে ২০২১ সাল থেকে আসানসোল পুরনিগম গাড়ুই নদী পরিষ্কার করে আসছে। এখন পরিস্থিতি আগের মতো নেই। এখন নদীতে বন্যার কারণে মানুষ আর সমস্যায় পড়েন না। তিনি আরো বলেন, জিতেন্দ্র তিওয়ারি যে দলে আছেন তার বাস্তবতা সম্পর্কে কোন জ্ঞান নেই।  তিনি যে দলে আছেন সেই সংগঠনটি এতটা মজবুত নয় যে তিনি এই বিষয়গুলো জানতে পারেন। এর সাথেই রেলপার এলাকার ২৭৫০ জনের পেনশন বন্ধ করে দেওয়ার জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এটা সরকারি বিষয়। এর উত্তর মন্ত্রী বা পুরনিগমের মেয়রই দিতে পারেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *