দুর্গাপুরের সভায় আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী, হার নিশ্চিত জেনে, অবৈধ উপায় নিচ্ছে তৃণমূল কংগ্রেস
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দলের প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নানা ইস্যুতে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে তৃণমূল কংগ্রেস। নদীর পাড় যেমন ধ্বংস করেছে, তেমনি নদী শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রীরা। একটা ঘাট যদি বৈধ হয় তাহলে ১০০ টা ঘাট অবৈধ। আর সেই ঘাটগুলি চালাচ্ছে মাফিয়াদের সাথে তৃণমূলের নেতারা।এদিনের জনসভাটি দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফুলঝোড় মোড়ে হয়।














অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই। নন্দীগ্রামে আইএসএফ প্রার্থীর সাথে তৃণমূল নেতার কথোপকথনের অডিও ভাইরাল নিয়েও শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সবাইকে কিনে নিতে চাইছে। তৃণমূল নির্বাচনে হারবে, সেটা পরিষ্কার হয়ে গেছে। তারা তাই অবৈধ উপায় নেওয়ার চেষ্টা করছে।তিনি আরো বলেন, দুর্গাপুরে হাজার হাজার ছেলেমেয়েরা বেকার। আমরা সরকারে এলে সবাই কর্মসংস্থান পাবে। দুঃখ হয়, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কাজ করছে। বিজেপি সরকার করলে, কাউকে কাজ করতে বাইরে যেতে হবে না।

