কুলটিতে বিজেপি প্রার্থীর সমর্থনে মিঠুন চক্রবর্তীর রোডশো কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে আক্রমণ
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* কুলটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অজয় পোদ্দারের সমর্থনে শনিবার কুলটির সোদপুর এরিয়া অফিস মাঠ থেকে ডিসেরগড় পোস্ট অফিস পর্যন্ত একটি ঐতিহাসিক মোটরবাইক র্যালি হয়। এই র্যালিতে বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রার্থীর সঙ্গে একটি খোলা গাড়িতে তার নির্বাচনী প্রচারে একটি রোডশোও করেন। এই রোডশোতে মিঠুন চক্রবর্তীকে দেখতে আসা বিজেপি কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রোডশোর ফাঁকে মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন।














তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে এবং বিজেপির ভোটকে প্রভাবিত করার জন্য। তারা বাংলায় টাকা ও মাদক পাঠাচ্ছে। মিঠুন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে শুরু করেছেন যে তিনি নির্বাচনে হেরে যাবেন। যে কারণে তিনি এই ধরনের মন্তব্য করছেন। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তৎপরতা বৃদ্ধি সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী বলেন, সবকিছুর তদন্ত কেন্দ্রীয় সংস্থাগুলি করছে।
কখন ও কি ব্যবস্থা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত তারাই নেবে। এই ব্যাপারে বিজেপির কোন সম্পর্ক নেই। এর পাশাপাশি শুক্রবার মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় নির্বাচনের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, এর থেকেই বোঝা যায়, কারা মহিলা বিরোধী। বাংলার মানুষ এর জবাব দেবেন। একইসাথে, লোকসভায় শুক্রবার লোকসভার আসন পুনর্বিন্যাস বিল আটকে যাওয়া নিয়েও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন।

