Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOLDURGAPUR

দুর্গাপুরের ডিসিআরসিতে বিএলওদের বিক্ষোভ কাজ নেই, নোটিশ দিয়ে ডেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে ডিসিআরসি কেন্দ্রে বিএলওদের বিক্ষোভ। ভোটের আগের দিন বুধবার এই ঘটনাকে কেন্দ্র বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিসিআরসি কেন্দ্রে। নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে ডিসিআরসিতে এসেছিলেন বহু বুথ লেভেল অফিসার বা বিএলওরা। কিন্তু এদিন সকালে সেখানে এসে তারা জানতে পারেন তাদের জন্য নির্দিষ্ট কোনও কাজ নেই। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত বিএলওরা।অভিযোগ, কোন কাজ না থাকা সত্বেও অযথা ডেকে এনে গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়েছে তাদের।

জল ও বসার ব্যবস্থা নেই ডিসিআরসিতে। এমনকি গাড়ি প্রবেশ নিয়েও সমস্যা তৈরি হয় বলে দাবি করেন তারা। মুহুর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। মহকুমা শাসকের সামনেই বিএলওরা বিক্ষোভ দেখান ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন।জয়ন্তী টুডু নামে এক বিএলও বলেন, আমাদের ডাকা হয়েছে, কিন্তু এসে দেখি কোনও কাজই নেই। এই গরমে আমাদের হয়রানি করা হচ্ছে। পানীয় জল নেই। আমাদের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে আমরা চরম অসুবিধার মধ্যে পড়েছি।

পরে নির্বাচন কমিশনের তরফে জেলা নির্বাচনী দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, ভুলবশতঃ তাদের ডাকা হয়েছিল। সব বিএলওকে বাড়ি ফিরে যেতে বলা হয়। এর পাশাপাশি বলা হয়েছে, বিএলওদেরকে বৃহস্পতিবার সকালে সরাসরি নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।স্বাভাবিক ভাবেই, এই ঘটনায় ভোটের আগে নির্বাচন কমিশন ও প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *