আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচার
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ৫৫ বছর বয়সী এক পুরুষ ক্যান্সার আক্রান্ত রোগীর জটিল অস্ত্রোপচার হলো। মুলতঃ জেলা হাসপাতালের সার্জারি ও ক্যান্সার বিশেষঞ্জ চিকিৎসকের যৌথ প্রয়াসে এই জটিল অস্ত্রোপচার সফল হয়েছে। এরজন্য, সুপার ডাঃ তপন কুমার বিশ্বাস চিকিৎসক ও কর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন।জানা গেছে, ১০ দিন আগে ঐ রোগীর অস্ত্রপচার করেন সার্জেন ডাঃ অমিত কুমার গুপ্তা। আপাততঃ, ঐ রোগীর খাবার খেতে যে সমস্যা হয়েছিলো, এই অস্ত্রপচারের পরে তা আর হচ্ছে না।














তিনি এই মুহুর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে, পরবর্তী চিকিৎসার ধাপ হিসেবে তার কেমোথেরাপি করা হবে। মুলতঃ এই রোগীর স্টমাক বা পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে। তার এডিএইচে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন সহ পাকস্থলীর কার্সিনোমার জন্য সফলভাবে সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি এবং ডি২ লিম্ফ্যাডেনেক্টমি করা হয়েছে।
এক্ষেত্রে, রোগীর পাকস্থলীতে হওয়া টিউমার বাদ দেওয়ায় জন্য বেশ কিছুটা অংশ কাটা পড়ে। গোটা সিস্টেমটাকে ঠিক রাখতে অস্ত্রপচারের সময় অনেক কিছু নতুন করে জুড়তে হয়েছে। মাস খানেক আগে এই রোগী জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সার্জেন অমিত কুমার গুপ্তার কাছে আসেন। সেই সময় ঐ রোগীর খাবার খেতে সমস্যা ও খাবার খেলে বমি হওয়ার মতো উপসর্গ ছিলো।
ডাঃ গুপ্তা প্রাথমিক চিকিৎসা ও কিছু পরীক্ষার পরে বুঝতে পারেন যে, এই রোগীর পাকস্থলীতে টিউমার হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে রোগীর এনডোসকপি করান। তাতে মোটামুটি পুরো বিষয়টি জানা যায়। এরপর তিনি ঐ রোগীকে হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ বা অনকোলজিস্ট ডাঃ অমিত মুখোপাধ্যায়ের কাছে পাঠান। ক্যান্সার বিশেষজ্ঞ তার মতামত দেন।
সেই মতো রোগীর অস্ত্রপচার করা হয়। অস্ত্রপচারে বাদ দেওয়া টিউমারের বায়োপসিও করানো হয়েছে। অস্ত্রপচারের পরে রোগী অনেকটাই সুস হওয়ার পরে জানিয়েছেন, তার আগের সমস্যা নেই। তিনি আগের মতো খাবার খেতে পারছেন।এই প্রসঙ্গে সুপার ডাঃ তপন কুমার বিশ্বাস বলেন, এখন এই রোগী ভালোভাবে সেরে উঠেছেন। ক্লিনিক্যাল স্থিতিশীলতা অর্জন করেছেন। এখন তাকে ডিসচার্জ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সার্জেন ডাঃ অমিত কুমার গুপ্তাকে ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ অমিত মুখোপাধ্যায়, অ্যানেস্থেশিয়া টিম, ওটি স্টাফ, পিজিটি, এমএসডব্লিউ স্টাফ এবং ব্লাড ব্যাংক সহায়তা করেছেন। তিনি আরো বলেন, জেলা হাসপাতালের পূরিকাঠামোতে এটি একটি জটিল অস্ত্রোপচার। যা সফল হয়েছে।


