ASANSOL

আসানসোলে ঝড়ে ইলেকট্রিক খুঁটিতে ভেঙে পড়েছে গাছ প্রায় ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎহীন এলাকা টায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ, বিক্ষোভ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে কালবৈশাখীর দাপটে জনজীবন এখনও বিপর্যস্ত। বুধবার সন্ধ্যায় হওয়া প্রবল ঝড়ে শহরের বিভিন্ন এলাকায় গাছ পড়ে যায়। এরফলে একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে।ঝড়ের পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে কাজ শুরু হলেও, বেশ কিছু এলাকায় সমস্যা রয়ে গেছে। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে আসানসোলে উমারানি গড়াই মহিলা কল্যাণ স্কুলের সামনে জিটি রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধও করেন।স্থানীয় বাসিন্দা তৃণমূল কংগ্রেসের নেতা রবিউল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় ঝড়ের সময় মহিলা কল্যাণ স্কুল ও বোতল মসজিদের মাঝখানে একটি বড় গাছ ভেঙে বিদ্যুতের খুঁটির উপর পড়ে যায়। এর ফলে এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বুধবার বিকেল ৫টা থেকে টানা প্রায় ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে বাসিন্দাদের।তিনি অভিযোগ করেন, বারবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনও আধিকারিক ঘটনাস্থলে পৌঁছাননি এবং গাছ সরানোর কাজও শুরু হয়নি। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকটও দেখা দিয়েছে।রবিউল ইসলামের আরো দাবি, রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার জন্য কোটি কোটি টাকা খরচ করছে।

কিন্তু কিছু দায়িত্বজ্ঞানহীন আধিকারিকের গাফিলতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের গাফিলতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না।পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আন্দোলন আরও তীব্র হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।এদিকে, বিদ্যুৎ দপ্তরের তরফে বলা হয়েছে, বুধবারের ঝড়ে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। তারজন্য বিদ্যুতের ছিঁড়ে গেছে। সবকিছু ঠিক করতে একটু সময় লাগছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *