ASANSOL

গণনা হবে ৬ টি বিধানসভার ইভিএম ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার বলয়ে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রংরুম পরিদর্শনে ডিএম ও সিপি

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* এবার আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, রানিগঞ্জ, জামুরিয়া এবং বারাবনি বিধানসভা কেন্দ্রগুলির জন্য আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজকে স্ট্রং রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আগামী সোমবার ৪ এপ্রিল এখানেই এই ছয়টি বিধানসভার ইভিএমের ভোট গণনা করা হবে। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডঃ প্রণব কুমার সিং সেই স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমগুলি ঠিক ভাবে রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করেন।

তারা অন্য পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন ও নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ হচ্ছে কি না, তা পর্যালোচনা করেন।পরে ডিএম ও সিপি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মতো স্ট্রংরুমে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ আছে। সিসি ক্যামেরার নজরদারিও রয়েছে। বিদ্যুতের সমস্যা হওয়ায় ২৪ ঘন্টা সিসি ক্যামেরা চালু রাখতে ইনভার্টার লাগানো হয়েছে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি শেষ করে ফেলা হবে।

ডিএম আরো বলেন, নিদিষ্ট পরিচয়পত্র ছাড়া গণনা কেন্দ্রে কাউকে ঢুকতে দেওয়া হবে না। গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনকিছু করা ও জমায়েত করা যাবেনা। ১০০ মিটারে ১৬৩ ধারা জারি করা হয়েছে। সর্বদলীয় বৈঠকে গণনা সংক্রান্ত সবকিছু সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে এদিন আসানসোল উত্তর ব্লক ১-এর তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় এদিন স্ট্রংরুমে ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, স্ট্রংরুমের নিরাপত্তার জন্য এখন পর্যন্ত যে ব্যবস্থা করা হয়েছে তা সন্তোষজনক। তবে দলের তরফে কড়া নজর রাখা হয়েছে। কোনো অনিয়ম পাওয়া গেলে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাবে। দুদিন আগে ডিএমের ডাকা সর্বদলীয় বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠকে ডিএম আশ্বাস দেন যে আসানসোলে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

তিনি স্ট্রং রুমের চারপাশের সিসিটিভি ব্যবস্থা নিয়েও সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলার বাকি তিন বিধায়সভা পান্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিমের স্ট্রংরুম করা হয়েছে দুর্গাপুরের গভর্নমেন্ট বা সরকারি কলেজে। সেখানেই এই তিন বিধানসভার গণনা হবে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো দুর্গাপুরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *