বিজেপির বিরাট জয়ের মাঝে “উলটপুরান” আসানসোলে তৃণমূলের অফিস পুনরুদ্ধারের চেষ্টা কংগ্রেসের, পুলিশের ধরপাকড়, উত্তেজনা
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিধানসভা নির্বাচনে বঙ্গে বিজেপি বিরাট জয়ের মাঝে আসানসোল শহরে একেবারে ” উলটপুরান”। বিজেপি নয়, কংগ্রেসের নেতা ও কর্মীরা আসানসোল শহরে জিটি রোডে বিএনআর মোড় সংলগ্ন তৃনমুল কংগ্রেসের পার্টি অফিস পুনরুদ্ধারের মাধ্যমে দখল নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আসানসোল দক্ষিণ (পিপি) থানার পুলিশ সেখানে আসে। তখন আসানসোল দক্ষিণ বিধানসভার কংগ্রেসের প্রার্থী শৌভিক মুখোপাধ্যায়ের নেতৃত্বে কর্মীরা বন্ধ তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে কংগ্রেসের পতাকা লাগাচ্ছিলো। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু কংগ্রেসের নেতা ও কর্মীরা তাদের কথা না শুনে পতাকা লাগাতে থাকেন।














পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে সেই কাজ করতে বাধা দেন। ততক্ষণে এলাকায় সাধারণ মানুষের ভিড় জমে যায়। পুলিশের সঙ্গে কংগ্রেসের নেতা ও কর্মীদের বাকবিতন্ডা শুরু হয়ে যায়। এরপর বাধা পেয়ে কংগ্রেসের কর্মীরা ঐ অফিসের বাইরে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মূর্তির সামনে ধর্ণায় বসে স্লোগান দিতে থাকেন।কংগ্রেসের নেতা ও কর্মীদের দাবি, এই অফিস কংগ্রেসের ছিলো। ২০১১ সালে ক্ষমতায় আসার পরে তৃনমূল কংগ্রেস তা দখল করে নেয়। এখন তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে, ক্ষমতা হারিয়েছে।
তাই তারা এদিন এই অফিস পুনরুদ্ধারের মাধ্যমে ফিরে পেতে বা দখল নিতে চাইছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আবারও কংগ্রেসের নেতা ও কর্মীদের সেখানে থেকে চলে যেতে বলে। কিন্তু তা না শোনায় পুলিশ জোর করে তিনজনকে ধরে গাড়িতে তুলে নেয়। সেই সময়ও কংগ্রেসের নেতা ও কর্মীরা পুলিশ অফিসারের সাথে বচসায় জড়ায়। পুলিশের গাড়ি এরপরে তাদেরকে নিয়ে থানায় চলে যায়। যদিও, এই নিয়ে, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস নেতৃত্বর কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। পুলিশ জানায়, আইন ভঙ্গ করায় কংগ্রেসের কর্মীদের ঐ এলাকা থেকে তুলে আনা হয়েছে।

