ASANSOL

বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়, কুলটিতে কর্মী ও সমর্থকদের মিছিল

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিধানসভা নির্বাচন ২০২৬-এ বাংলায় বিজেপি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পদ্ম প্রার্থীরা একাধিক গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করেছেন। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির ডাঃ অজয় পোদ্দার প্রায় ৩০,০০০ ভোটের বিশাল ব্যবধানে পুনরায় বিজয়ী হয়েছেন। এই জয়কে এলাকার সাধারণ মানুষের অটুট আস্থা ও সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

আসানসোল জেলা মিডিয়া ইনচার্জ তথা কুলটি বিধানসভা মণ্ডল সহ-সভাপতি টিঙ্কু বর্মা এই জয়কে গণতন্ত্রের জয় হিসেবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও উন্নয়নমূলক কাজের উপর পশ্চিমবঙ্গের মানুষ তাদের পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।এই জয় উপলক্ষে মঙ্গলবার বিজেপির তরফে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়।

সেই মিছিল সীতারামপুর স্টেশন থেকে শুরু হয়ে নিয়ামতপুর বাজার হয়ে বরাকর বিধানসভা কার্যালয় পর্যন্ত যায় । এই বিজয় মিছিলের মাধ্যমে টিঙ্কু বর্মা দলের মহিলা, পুরুষ ও যুব কর্মীদের সঙ্গে নিয়ে বিধায়ক ডাঃ অজয় পোদ্দারকে সম্মান ও শুভেচ্ছা জানান।মিছিলে টোটো, মোটরসাইকেল ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এই মিছিলে দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে সমগ্র এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *