চন্দ্রনাথ রথ খুনে ব্যবহৃত বাইক নিয়ে চাঞ্চল্যকর তথ্য, রেজিষ্ট্রেশনে বার্নপুরের ইস্কো কোয়ার্টারের ঠিকানা, খোঁজ নিলো পুলিশ
বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী তথা ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথের খুনে ব্যবহৃত একটি মোটরবাইক নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশের তদন্তে এই মোটরবাইক নিয়ে এক নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, এই বাইকটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বার্নপুর এলাকায় রেজিষ্ট্রেশন করা হয়েছিল।তদন্তে আরো জানা গেছে, বাইকটির রেজিস্ট্রেশন নম্বর হলো WB44D1990। রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বাইকটির মালিকের নাম বিভাস কুমার ভট্টাচার্য। রেজিস্ট্রেশনের তারিখ ৪ মে, ২০১২। তা পশ্চিম বর্ধমান জেলা আরটিওতে করা হয়েছিল। সেটি ২ মে, ২০২৭ পর্যন্ত বৈধ।














রেজিস্ট্রেশনে ঠিকানা লেখা হয়েছে কোয়ার্টার নম্বর: এবি ৭/১২, গুরুদ্বার রোড, বার্নপুর, থানা: হিরাপুর, বর্ধমান, রাজ্য: পশ্চিমবঙ্গ।তবে, বৃহস্পতিবার এই ঠিকানাটি যাচাই করে দেখা গেছে যে সেখানে বিভাস কুমার ভট্টাচার্য নামে কেউ থাকেন না। বর্তমানে, বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার কর্মচারী ধরমবীর কুমার তাঁর পরিবারের সঙ্গে সেই কোয়ার্টারে থাকেন। এদিন তিনি বলেন, আমি ২০১৪ সাল থেকে এই কোয়ার্টারে থাকছি। তার আগে বার্নপুর রোডে ডলি লজ এলাকায় ভাড়া থাকতাম। তারপর নিয়ম মেনে কারখানা কতৃপক্ষের কাছে কোয়ার্টারের জন্য আবেদন করি। সেই আবেদনের ভিত্তিতে এই কোয়ার্টারটি পাই। বিভাস কুমার ভোট নামে কাউকে চিনি না। ধরমবীর কুমার আরো জানিয়েছেন, যে মোটরবাইকের নম্বর প্লেট মধ্যমগ্রামে পাওয়া গেছে, সেটি এখানে নেই। তাঁর নিজের একটি মোটরবাইক আছে। সেই মোটরবাইকটির রেজিস্ট্রেশন নম্বরও ভিন্ন।
তিনি বলেন, রাতে আমি টিভিতে খুনের ঘটনার কথা জানতে পারি। তখন বাইকের বিষয়টি জানতাম না। এদিন সকালে পুলিশ ও পরে সংবাদ মাধ্যমের কাছে পুরোটা জানতে পারি। জানা গেছে, ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশ বৃহস্পতিবার সকালে খুনে ব্যবহৃত মোটরবাইকের নম্বর ধরে বার্নপুরের এই ঠিকানায় আসে। তারা ধরমবীর কুমারের সঙ্গে কথা বলেন। তার কাছ থেকে পুলিশ যাবতীয় তথ্য প্রমাণাদি যাচাই করে। বার্নপুরের গুরুদ্বার রোডের এবি-টাইপ কোয়ার্টারের বাসিন্দারাও এই ঘটনা জেনে রীতিমতো হতবাক। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে, খুন কাণ্ডে ব্যবহৃত বাইকটির রেজিস্ট্রেশন নম্বরটি ভুয়ো হতে পারে।পুলিশ জানায়, মোটরবাইকের তথ্য যাচাই করতে বার্নপুরের ঠিকানায় যাওয়া হয়েছিলো। সবকিছু খতিয়ে দেখে রিপোর্ট উচ্চ আধিকারিকের কাছে পাঠানো হয়েছে।

